Wednesday, June 10, 2026

উৎসর্গ

 আমার পিতাকে
যাঁর জীবনের পাথেয় ছিল আপোষহীন নীতি আর শৃঙ্খলা।
 
আমার মাতাকে
ছেলেমেয়েদের মেধা ও মননশীলতায় যিনি ছিলেন নিবেদিত প্রাণ।

আমার স্বামীকে
শিক্ষিত ও সুন্দর পারিবারিক পরিবেশ গড়ে তোলার জন্য।

আমার ছেলেমেয়েকে
সবকিছুকে যোগ্য থেকে যোগ্যতর করার জন্য।

আমার নাতি নাতনী ফারজাদ ফারহিনকে
তাদের সকল প্রয়াসকে সুন্দর ও সার্থক করার জন্য।


Sunday, May 31, 2026

কবিতা - বৃক্ষ


সবুজ গাছের রস খেয়েছ

ফল খেয়েছ, ফুল নিয়েছ তুলে,

ছাল,বাকল। সব খেয়েছ,

   শিকড় খেয়েছ গিলে।

 

মরা ডালে ঘর বেঁধেছে

   পোকা মাকড় চিলে,

এখন তুমি ফিরে এলে 

     পড়ন্ত বিকেলে।

 

এবার তুমি কি নিতে চাও?

    কি বা দেবার আছে?

শুকনো খড়ি? নীরস পাতা?

    সব নিয়ে যাও যেচে।

 

যদি কভু চলতে পথে

    আস মনের ভুলে,

একটু খানি বসে যেও

    শুষ্ক তরুর মূলে।

 

ঢাকা

১১.১১.১১

Thursday, May 28, 2026

কবিতা - ‘করোনা’ সমাচার

 কোথায় আল্লাহ্,কোথায় যীশু,
        কোথায় ভগবান?
কোথায় খোদা,কোথায় স্রষ্টা 
        কোথায় শয়তান?
কোথায় ইবলিশ,কোথায় নমরুদ
        কোথায় কামান,কোথায় বারুদ!
কোথায় জ্বীন,কোথায় পরী?
        কোথায় বাদশাহ্,কোথায় সম্রাট?
কোথায় কালাপাহাড়,কোথায় লুকিয়ে 
              বিখ্যাত চেঙ্গিস!
কেউ কি পারে না করতে বিনাশ 
            কভিড ১৯-বিশ?
কোথায় ফেরেশতা,জ্বীনের বাদশাহ্
         কাজ করে কিছু দেখাও তোমরা 
            হাজার বছরের প্রতি –শ্রুত সুরক্ষা।
কেউ আছে কি –
        কেউ কি আদৌ 
              ছিল কোনদিন?
সবদিকে চেয়ে,দেখি আজ যেন
          ব্যর্থ ট্রাম্প ও পুতিন।
নির্মম ভারী,নিষ্ঠুর মারি, 
        বড়ই কঠোর,বড়ই কঠিন, 
সুচতুর তারা আনতে ব্যস্ত  
        ফলস্ ভ্যাকসিন। 
কেউ থাকবেনা আর অসহায়,মানুষের পাশে দাঁড়াবার।                             
          চারিদিকে কেবলই মৃত্যুর হাহাকার!
কেউ নেই কোনখানে,
       কেউ ছিলনা 
          কখনো কোনদিন
শুধু আছে প্যানডেমিক
        বধিবারে প্রাণ,নির্বিঘ্নে নিশ্চিত।
করোনার করুণা চেয়ে 
        লাভ নেই আর,
        মৃত্যুর আঁধার ঢাকে চারিধার।
বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ
        আশরাফুল মখলুকাত, 
             হতবাক আজ ! 
তাদের পৃথিবী কেড়ে নিল কারা –
             কোন মহারাজ?
এই ধ্বংসের জবাব 
        জানা নেই কারো আজ
বড়ই নির্মম,বড়ই নিঠুর,বড়ই নিলাজ,
উন্মত্ত নৃত্যে মত্ত আজিকে আজরাইল 
                   যমরাজ।
‘করোনা কভিড’ হবে সেই দিন শান্ত
রইবেনা যখন এ গ্রহে 
       একটি মানুষও জীবন্ত।
              ……

২৮শে মে, ২০২১


Thursday, May 21, 2026

কবিতা - স্বপ্নের শবাধার

স্বপন দেখিনু এক           
      রজনীর শেষে
কে যেন ডাকিছে মোরে   
      বাতায়নে এসে
ওঠো ওঠো, চেয়ে দেখ,   
      নরম চাঁদের আলো
দূর করে দিয়ে গেছে,     
      জগতের সব কালো।
ঐ দেখি –
পৃষ্ঠদেশে একজন বহিছে
         সাদা শবাধার
ঃ কেন বহিছ শবাধার? পাওনি কো কিছু আর ?

শুভ্র চাঁদনী রাতে, শুভ্র শবাধার,      
           নিস্তব্ধ চারিধার
সময় পাইনি তার
         মুখাবয়ব দেখিবার!
শুধালাম তারে – কোন পরপারে
কি নিয়ে চলেছ পথিক কোন ঠিকানায়?
ঃ উন্মুক্ত করিয়া দেখ কে যায় কোথায়!

সাদা জোছনা,সাদা শবাধার, 
          সাদা চরাচর,
খুলে দেখি সাদা শব,  
         নিদ্রায় কাতর।
চমকে উঠি, পিছে হটি, 
        এ যে চেনামুখ!
সারাটি জীবন দেখেছি যে তারে, 
            পেয়েছি যে কত সুখ!
শুধাই তাহারে পুনঃ –
কে তুমি? কেন তারে নিয়ে যাও 
              কোন সুদূরে?
ঃ আমিই তুমি,তুমি যে আমি, 
          চিনিলে না মোরে?


চমক ভাঙ্গিলো মোর,ঘন তমসার ঘোর, 
                     মোর চারপাশে
আমার শব আমিই বইছি, 
                     অস্তাচলের দেশে।
                      ......

Thursday, May 14, 2026

কবিতা - কোভিড 19

এসেছ করোনা ভাই রুদ্র বেশ ধরি

কেন এত ত্বরা তব, কেন কড়াকড়ি

ধরায় ফেলিছ জাল টর্নেডোর বেগে

বধিছ সৃষ্টির সেরা মানবেরে 

                     কঠোর আবেগে।

কেন এত ক্রোধ, কেন এত দ্রোহ

                  মানব জাতির পরে।

নিঠুর নির্মমতা দূর করে আন আনুরাগ

মানুষ জাতিরে করো ক্ষমা, ওগো ভাইরাস।

ত্যাগ করো ক্রোধ, হে রুদ্র ‘করোনা’

বাঁচাও মনুষ্য জাতি, করোনা বঞ্চনা।  

মুখ তুলে চেয়ে দেখ এই সুন্দর পৃথ্বি

রোদ্র ঝলমল, আকাশ বাতাস, সবুজ বনবীথি।

মানবজাতির কীর্তি যত, বিধাতার ইঙ্গিত

তুমিও করো না ভাই , ধরো সুখ সঙ্গীত।

বাঁচাও মনুষ্য প্রাণ, বাঁচাও জল স্থল অন্তরীক্ষ

এবার ঘুরে দেখ সৃষ্টির সেরা মানুষের দুঃখ। 


হে নীরব ঘাতক ‘করোনা’, কোরো না বিনাশ

এবার ফিরে যাও তুমি, যেথা তব বাস।

আর ফেলিও না জাল, আর বধিও না প্রাণ

বিধাতার কাছে এই মোর চাওয়া 

প্রাণ খুলে করি তার ধ্যান।

.........

৩রা বৈশাখ, ১৪২৭

১৬.৪.২০২১   


Saturday, May 2, 2026

কবিতা - বৈশাখ

 

বিদায় দিয়েছি কাল, চিত্রার চৈত্র মাস

দুয়ার খুলে দেখি আজ পহেলা বৈশাখ।

মলয় হিল্লোল ডাক দিয়ে যায়

             ছুঁয়ে যায় তনুমন,

কচি কিশলয়ে ভরে গেছে শাখা

            খুলে দিয়ে আবরণ।

 

বসন্তের ঝরাপাতার গান গেছে থেমে

সবুজ পাতার মেলা বসেছে, এই নব ধরাধামে।

নতুন পত্র পল্লবে পড়ে’ নবীন সোনালী আভা

আনন্দে চিত্ত চঞ্চল হয়, এ দৃশ্য মনলোভা।

 

পাতায় পাতায় লুকোচুরি খেলে ফুলের নব মঞ্জুরী

মৃদু সমীরণ দোলা দিয়ে যায়, যত আছে ফুলকুড়ি

মধুকর আসে মনের খুশীতে বসে ফুলের ’পরে

অতি আদরে সুহাগে সাদরে মধু আহরণ করে।

 

রোদের ঝলকে চিকচিক করে নবীন পাতা

পথপাশে যত গাছ আছে তারা ডেকে বলে কত কথা

জীর্ণ শীর্ণ পুরাতন যত একসাথে পথ চলা

ফেলেতো দেবোনা, থেমে তো যাবেনা জীবনের রথচলা।

 

নতুন বছরে এলো বৈশাখ, নতুন বারতা নিয়ে,

গানে গানে তারে বরণ করি ফুলের পাপড়ি দিয়ে

যেন বারবার ফিরে আসে সে আমাদের বাংলায়,

আনন্দ জোয়ারে স্নান করে সে যে নতুন জীবন পায়।

১৯শে এপ্রিল, ২০১৬

Thursday, April 30, 2026

কথিকা -মহাকালের যাত্রায় একটি দিন

আজ ফেব্রুয়ারি মাসের ২ তারিখ। সাল ২০২২, অর্থাৎ দিনটি হলো ২.২.২০২২ তারিখ। আশ্চর্য্য বিন্যাসযুক্ত সংখ্যার সমাহারে তৈরী একটি দিন। মনে পড়ছে জীবনের বহু বছর এভাবে তারিখের সমাহার উপভোগ করেছি বন্ধুদেরকে চিঠি লিখে। প্রথম এই বোধটি আমার ভেতর জাগ্রত করে একটি মেয়ে তার নাম সেলিমা বেগম হেনা, বাড়ি দত্তের বাজার, গফরগাঁও। সেদিনটি ছিল ৬.৬.৬৬ মানে ৬.৬.১৯৬৬; খুব মজা পেয়েছিলাম। তারপর বহুবার এ চিঠি লেখার চর্চা ছিল। কিন্তু ‘মাঝে হলো ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়’, জীবনের শৃঙ্খলে বাঁধা পড়ে গিয়ে আর তেমন লেখা হয়ে ওঠেনি। এবার জীবনের অস্তাচলের পথে এসে বারবার এরকম তৈরী দিনের কথা মনে পড়ে যায়। এখন তারা কে কোথায় কে জানে! আমার কথা তাদের মনে পড়ে কিনা কে জানে? দু’একজনকে মাঝে চিঠি দিয়ে সাড়া পাইনি।   

তখন মনে সন্দেহ জাগে– কেমন আছে তারা? সেই শান্ত দুরস্ত মেয়েরা। দাদী নানী হয়ে ঘর পাহাড়া দিচ্ছে নাকি ভবসাগর পাড়ি দিয়েছে কে জানে! আমারও অনেক বয়স। তবুও স্মৃতি অমলিন। ইচ্ছে করে আরেকটিবার কোথাও যদি ওদের সাথে দেখা হতো! সুখের দুখের কথা বলে প্রাণ জুড়াতে পারতাম। এমন সংখ্যার দিন তারিখ জীবনে আর আসবে কিনা জানিনা তবুও এই প্রচন্ড শীতের মাঝে  আমার লেখাটি আমার কথা ভবিষ্যতের মানুষের কাছে আমার কথা বলবে। আমি যে তাদের কেউ ছিলাম, সে কথাটি মনে পড়বে।

স্রষ্টার বাগান, এ পৃথিবী। ফুলে, ফলে, খাদ্যে, শস্যে, ধন রত্নে, বৃক্ষ লতায় পূর্ণ করে এই সব কিছু স্রষ্টা সৃষ্টি করেছেন মানবজাতি ও জীবজগতের জন্য। মানুষই হয়তো তা উপভোগ করে সবচাইতে বেশী। মানবজন্ম এক দুর্লভ জন্ম। এই জন্ম সকলের সার্থক হোক। সকলে আনন্দে বিষাদে এ জীবন পথ অতিক্রম করে সম্মুখ পানে এগিয়ে চলুক তার জয়রথ নিয়ে। মাঝে মাঝে এরকম সুন্দর তারিখ নিয়ে শুভদিন আসবে। তারা যেন দিনটিকে আনন্দের দিন হিসাবে উপভোগ করে। সময়ের স্রোতধারা আর ফিরে আসেনা। ‘চির স্থির কবে নীর, হায়রে জীবন নদে?’ 

আমার প্রিয় সব বন্ধুদেরকে আজকের দিনটিতে শুভেচ্ছা জানাই । যে, যে অবস্থায় আছেন আনন্দে থাকেন, সুখে থাকেন। ভবিষ্যত আমাদের ক্ষণস্থায়ী। অতীতের অর্জিত সুখ শান্তি নিয়ে ভবিষ্যতের পথে অগ্রসর হই। বিদায় বন্ধুরা। সকলে ভাল থেকো, সুস্থ থেকো। আবার যদি কোনদিন দেখা হয়, আনন্দ অশ্রু ফেলে কোলাকুলি করো। ভরসা করে বলো – আবার দেখা হবে, আবার কথা হবে। আবার শুভেচ্ছা জানাই সবাইকে – আজ ২রা ফেব্রুয়ারি, ২০২২ সাল। 

বিদায় – বিদায় বন্ধুরা। 

০২.০২.২০২২

Thursday, April 23, 2026

গল্প - বাদল বরিষণে

গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে  যখন বিশ্ব চরাচর অগ্নিস্নানে দগ্ধিভুত হয়, বর্ষা নামে প্রকৃতির আশীর্বাদ হয়ে। তার শীতল জলধারা সকল তাপ-জ্বালা ধুয়ে মুছে শান্ত করে বিশ্ব চরাচর। বর্ষার শান্তির বারি সিঞ্চনে সিক্ত হয় প্রকৃতি, মানুষ এবং মানুষের চিত্ত। মেঘের ছায়ায় আশ্রয় পায় তৃষিত ধরণী আর তৃষ্ণার্ত মানুষের প্রাণ। এত সুখ আর এত শান্তি যেন কিছুতেই নেই। নবধারায় স্নাত মানুষের হৃদয় বাঙ্ময় হয়ে ওঠে। কবিত্বে ভর করে তার তনু-মন। ছন্দে, লয়ে আন্দোলিত হয় অন্তর। আনন্দে বিরহে সে হয় উদ্বেলিত। তার নম্রকন্ঠ বলে,

‘এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায়
এমন মেঘস্বরে-বাদল ঝরঝরে
তপনহীন ঘন তমসায়’

প্রিয় মানুষটির জন্য প্রাণ কেঁদে উঠে। বিরহে ব্যাকুল হয় অন্তর। মন বলে এখনি যদি তাকে কাছে পেতাম, খুলে  দিতাম অন্তরের ঝাঁপি; যে কথা কোনদিন তাকে বলতে পারিনি, আজ প্রাণ খুলে এই বর্ষণমুখর অন্ধকারে হৃদয়ের সকল দুয়ার খুলে প্রাণের সকল বারতা তাকে জানিয়ে দিতাম।

বর্ষণ মন্দ্রিত রাতে একা ঘরে, মেঘের গুরু গুরু গর্জনে নূপুর নামের মেয়েটি বারবার কেঁপে উঠে। সে বর্ষা ভালবাসে, মেঘ ভালবাসে। আজ তার বিরহি হৃদয় প্রিয় বিচ্ছেদের বেদনায় ব্যাকুল। বৃষ্টি ভেজা ছোটবেলার খেলার সংগী ছিল পাশের বাসার নিক্বণ। তার সংগে বৃষ্টিতে খেলা করতো। সে ছিল এক অন্তহীন সুখস্মৃতি। ধীরে ধীরে আরো সময় পেরুলো। নিক্বণ চলে এলো দেশের বাইরে।  আজকাল ফোন দূরত্বকে জয় করেছে। ফোনেই তারা দুজন দুজনকে কাছে পায়। আনন্দে সময় কেটে যায়। হঠাত একদিন নিক্বণের সাড়া পাওয়া গেল না। রাস্তায় একটি অ্যাকসিডেন্টে সে জ্ঞান হারায়। নূপুরের  বিশ্বাস হয়না এসব কথা। তারপর সত্যি সত্যি নিক্বণের ফোন এলো। খুব দুর্বল কন্ঠস্বর । নূপুর আশ্বস্ত হয়। কিন্তু কান্না আর থামেনা, বাদল ধারার সংগে পাল্লা দিয়ে চলে। বর্ষার কোন আনন্দের গানই এখন আর ভাল লাগেনা।  শুধু একটি গানই নিক্বণের উদ্দেশে গায়,

'এমনি বরষা ছিল সেদিন
শিয়রে প্রদীপ ছিল মলিন
তব হাতে ছিল অলস বীণ
মনে কি পড়ে প্রিয়! '

এমন সময় একদিন সাত সাগরের ওপার এক পরিষ্কার কন্ঠস্বর ভেসে আসে। শুভ জন্মদিন নূপুর। আজ তোমার জন্মদিন মনে আছে তো? তুমিও কাছে নেই বর্ষার কদমফুলও নেই। তবে একটি গান শোনাতে পারি। তোমার আপত্তি নেই তো?

নূপুর কেঁদে ফেলে। আবেগ জড়িত কন্ঠে বলে, গাও প্লিজ, গাও লক্ষীটি!

'এসো হে সজল শ্যাম ঘন দেয়া
এসো কুঞ্জ ছায়ায় এসো, তাল তমাল বনে
এসো শ্যামল
ফুটাইয়া যুথি কুন্দ নিপ কেয়া
এসো হে সজল শ্যাম ঘন দেয়া।।
বারিধারে এসো চারিধার ভাসায়ে
বিদ্যুত ইংগিতে দশদিক হাসায়ে
বিরিহিনী মেঘ জ্বালায়ে
আশার আলেয়া
ঘনদেয়া
মোহানীয়া
শ্যামপিয়া
এসো হে সজল শ্যাম ঘন দেয়া'

ইথারের তরংগে সুদুরের ওপার হতে ভেসে আসতে থাকে নিক্বণের ভরাট গলায় মায়া ভরা বর্ষার গান। বৃষ্টির জলে ভিজতে না পারলেও নূপুরের অধীর চিত্ত নিক্বণ ধ্বনিতে সিক্ত হতে থাকে।

জুন,২০১১


Sunday, April 12, 2026

গল্প - দুজন দুজনার

কাপ্তাই লেক দেখবো বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম। পথে একটি বড় বাসকে সাইড দিতে গিয়ে আমাদের ছোট বাহনটি উলটে যায়। অতর্কিতে টাল সামলাতে না পেরে পথপাশে কোথাও পড়ে যাই। তারপর আর খেয়াল নেই। যখন চোখ মেলি, দেখি একটি মুখ আমার মুখের উপর ঝুঁকে আমাকে ডাকছে। চোখ বন্ধ করে ফেলি। আবার তাকাই। দেখি স্বপ্ন নয় বাস্তব! ছেলেটি প্রাণপণে আমাকে ঝাঁকাচ্ছে। 

-এই যে, এই যে তাকান। তাকিয়ে দেখুন আপনার কিছুই হয়নি। আপনি ভাল আছেন। 

আমি চোখ মেলে এক ঝটকায় উঠে পড়তে চাইলাম। কিন্তু সে চেষ্টা ব্যর্থ। একটু শক্তি সঞ্চয় করে উঠে বসলাম। অপ্রস্তুত আমি। যার কোলে মাথা রেখে এতক্ষণ ছিলাম তাকে ধন্যবাদ জানালাম। সে বললো, 

- এমন কিছু করিনি। আপনি একা। সঙ্গে কাউকে দেখছি না। পথপাশে পড়ে আছেন। তাই এটা আমার দায়িত্ব আপনাকে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন কয়া। ভাগ্য ভাল আপনার তেমন কিছু হয়নি। প্রচন্ড শকে আপনি জ্ঞান হারিয়েছিলেন। আমি তবে যাই এখন? আপনার নামটা জানতে পারি কি?

- আমার নাম আন্না। 

- আন্না? আর কিছু না? অদ্ভুত বটে!

-কেন আগে শোনেন নি?

- নাহ! বিশ্বাস হচ্ছে না।

- এই তো আমি আন্না। টলস্টয়ের লেখা আনা কারেনিনার নাম শোনেননি?

-ও আচ্ছা! তবে ঠিক আছে।

- আপনার নামটি তো জানা হলো না।

- আমার নাম ক্রিস। কৃষ্ণা কানাইয়া।

-দুষ্টুমী করছেন?

-না । তবে একটা নাম আছে খাতায়। খুব জমকালো। তাই এই নামেই সবাই ডাকে। 

- কি নাম সেটা? অদৈত মল্ল বর্মন নয়তো? 

- হেসে বললো,না,মোহাম্মদ জাকারিয়া খান।

সেদিল আর কাপ্তাই যাওয়া হলো না। একটি অটোরিক্সায় উঠে বাসায় ফিরে এলাম। এরমধ্যে বেশ কিছুকাল কেটে গেল। আমি ঢাকায় গ্রামীন ফোনে কাজ করি। হঠাত একদিন দেখি সেই চেনা মুখ। একটি দেরি হলেও সে চিনলো। মৃদু হেসে বললাম, কি করতে পারি? 

তার সমস্যার কথা শুনে তাকে অন্য একজনের কাছে নিয়ে গেলাম। কাজ শেষে সে ধন্যবাদ দিয়ে চলে গেল। আমার যেন কেমন সব ওলোট পালোট হয়ে গেল। বুকের ভেতর ঝড় উঠলো। কেবলই তার কথা মনে পড়ছে। 

বাসায় এলাম। নানা কাজে মন দিলাম। তবুও রেহাই নেই। কি যে করি, কোথায় যাই, কাকে বলি, কোথায় তার দেখা পাই! দিন দিন যেন অসুস্থ হয়ে পড়ছি। কিছুই ভাল লাগেনা।

হঠাত একদিন ও আবার অফিসে এসে হাজির । আনন্দে আমার ‘বক্ষ মাঝে চিত্ত আত্মহারা, নাচে রক্তধারা।‘ বললাম, 

-আবার কি সমস্যা। 

বললো, 

-এবার সমস্যা গুরুতর। ফোন নাম্বার মনে থাকছে না। তাই ভাবলাম কোথাও রেখে আসি। তার মানে এই ধরুন আপনার কাছে রেখে যাই। ভুলে গেলে আবার এসে নিয়ে যাব। 

বুঝলাম দুষ্টুমী করছে। বললাম, 

-আমি যদি ভুলে যাই। তখন কি হবে? 

-লিখে রাখেন তবেই আমার উপকার হবে। 

আমি সানন্দে ফোন নাম্বার লিখে নিলাম। সে চলে গেল। একটু পরেই ক্রিসকে ফোন করে জানতে চাইলাম, 

-আপনার নাম্বার ঠিক আছে তো? তাই পরখ করে দেখছি। বিরিক্ত বোধ করেন নি তো?

- করেছি বটে তবে বেশী নয়। মাঝে মাঝে এরকম বিরক্ত করলে খুশী হব।

এরকম ছোটখাট কথোপকথন হতে থাকে প্রায়ই। 

আমার কি হয়েছে? তাকে দেখার জন্য আমার আঁখি দুটি ব্যাকুল হয়ে ফেরে। ফোনে বললাম, অমুকদিন, সেইসময়, বাণিজ্য মেলার গেইটে থাকবেন। গিয়ে দেখি ঠিক অপেক্ষা করছে। ইচ্ছে করে জড়িয়ে ধরি পরম সুখে! কিন্তু তা তো হবার নয়।

-চলুন ভেতরে।

ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম। খাবার খেলাম, গেইটের কাছে ফেরতও এলাম। সে বললো, 

-বাজার সে গুজারা, লেকিন কুছ খারিদা নেহি।

চমকে উঠে বললাম, 

-ওরে বাপরে আপনি তো দেখি মির্জা গালিব! অনেক গুণ আপনার!

হেসে বললো,

-আরো গুণ আছে!

প্রায়ই আমাদের অভিসার চলতে থাকে বিভিন্ন মার্কেটে,মেলায়,বোট্যানিকাল গার্ডেনে। আমরা যেন একজন আরেকজনের আত্মায় মিশে গেছি। কিন্তু একবারও বলা হলনা,‘ভালবাসি।’ 

এখন আমরা হাত ধরে হাঁটি। 

ক্রিস আমাকে একদিন বললো, 

- কাল ভ্যালেন্টাইন্স ডে, মনে আছে তো?

- বললাম, নাহ্‌ ! মনে নেই তো।

- মনে করিয়ে দিলাম। দেখ না চারিদিকে কেমন সাজ সাজ রব। যেন মহা মানবের মহা মিলনের মহেন্দ্রক্ষণ জাগ্রত দ্বারে। রঙ বেরং এর জুটিরা সব প্রজাপতির মতো হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। সর্বত্র,বিশেষ করে এই রমনার উদ্যানে। আমরা আলোর পাখি। এই রমনার উদ্যানে, এই ইডেন গার্ডেনে বেড়াতে এসেছি গন্দম বৃক্ষের ফল টেস্ট করতে। আগামীকাল থেকে আমরা মানুষ হয়ে যাব। কাল তোমার জন্য লাল গোলাপ নিয়ে আসব।

আমি বললাম, 

- বাগানের গোলাপ, নাকি কাগজের?

- কাগজের। দিনের পর দিন কাগজ কেটে নিজের হাতে মনের মাধুরী মিশিয়ে পাপড়ি রেণু তৈরি করে,এক সাথে গেঁথে ফুল বানাবো। তারপর গোলাপের সুবাস মাখিয়ে তোমার জন্য নয়ে আসব। সে ফুলের পাপড়ি তাজা থাকবে শুকাবে না। ঝরে যাবে না। সুগন্ধ আমার কথা বলবে তোমার কানে কানে। সেটাই তো ভাল। 

- না ভাল নয়। আমি চাই তাজা গোলাপ। ভারি ভেলভেটের মত কালচে লাল পাপড়ি, সকালে ফুলদানির চারিপাশে পড়ে থাকবে। তার থেকে বড় বড় পাপড়ি তুলে আমার কৃষ্ণা কানাইয়ের নামটি যত্ন করে লিখে রেখে দেবা আমার মনের মন্দিরে, সঞ্চয়িতার পাতার ভেতরে আর ডিকশনারিতে।

- ডিকশনারিতে? কেন?

-সেখানে আমি যখন তখন তোমার নামের অর্থ খুঁজি, বানান দেখি!

-অবাক কান্ড! আচ্ছা দেখা যাবে কাল ভালবাসা দিবসে!

পরের দিন রমনা গার্ডেনে নির্দিষ্ট সময়ে আন্না আর ক্রিস হাজির। লাল গোলাপের বিরাট তোড়া দেখে আন্না বিস্ময়ে বলে উঠলো, এটাতো হাজার গোলাপের তোড়া! ভাবতে পারছি না কিছুই!

ক্রিস বললো,

-আজ পৃথিবীতে যত ফুল ফুটেছে সব তোমার জন্য, সব তোমাকে দিলাম আন্না, বলে নতজানু হয়ে ওকে অভিবাদন জানাবার সময় আন্না তাকে জড়িয়ে ধরে তুলে নিল। অনামিকায় ক্রিসকে দেবার জন্য একটি গোলাপের পাপড়ি যুক্ত সোনার আংটি এনেছিল। সেটি আর দেবার সুযোগ পেলনা। 

ততক্ষণে আন্না ক্রিসের আলিঙ্গন পাশে আবদ্ধ। আন্নার দুবাহু বেষ্টন করে রেখেছে ক্রিসকে স্বর্ণলতার মত। দুজনেই উচ্চারন করলো happy valentine's day!

ক্রিস বললো, you are my love. I love you my love. Happy Love day Anna, I love you, I love you today and forever.

আন্না যে কোন স্বপ্নের দেশের হারিয়ে গেছে তা সে জানে না। কেবল এক বিচিত্র অনুভূতি, আবেগে সে বারবার শিহরিত হচ্ছিল। এ এক অনির্বচনীয় আনন্দ। দুজনার ভালবাসার স্রোত এই ভ্যালেন্টাইন্স দিবসে এক হয়ে মিশে গেল। তাদের অন্তরঙ্গ আশ্লেষে গভীর প্রেম একজনের অন্তর থেকে অন্যজনের অন্তরাত্মায় সঞ্চারিত হল। নিবিড় বাহু বন্ধনে আন্নার ব্যাকুল কন্ঠ কি যেন বলতে চাইলো । 

ক্রিস বললো, Please hold your tongue and let me love.

.............

Monday, April 6, 2026

গল্প - নিয়তি

চম্পা আর বকুল। যমজ বোন। তিন ভাইয়ের পর তাদের একই সঙ্গে আগমন। একই রকম তাদের চেহারা, গায়ের রঙ, স্বভাবে চেতনায়, অসুখে – বিসুখে তারা সমানে সমান। তবে ভাগ্যের লিখনটি ছিল ভিন্ন।

গ্রামের স্কুলে পড়া শেষ করে চলে যায় শহরের হস্টেলে। কে যে চম্পা, কে যে বকুল আলাদা করে চেনা মুস্কিল। লেখাপড়ায়, খেলা ধুলায় দুজনেই ভাল। দুজনেই ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাশ করে কলেজে চলে যায়। সেখানেও আই.এ., বি.এ. পাশ করে দুজনেই দ্বিতীয় বিভাগে। পিতামাতার চিন্তা তাদেরকে পাত্রস্থ করবার। যমজ হলেও বকুল ছোট। কারণ সে চম্পার কিছুক্ষণ পরে ভূমিষ্ঠ হয়েছিল। বকুলের স্বাস্থ্য চম্পার চাইতে ভাল। সেজন্য কিনা, বকুলের বিয়ে স্থির হয় আগে। পাত্র বিলেতে ব্যারিস্টারি পড়তে যাবে। সেজন্য তার পরিবারের লোকেরা ছেলেকে বিয়ে দিয়ে ছাড়তে চায়। সুন্দরী ডিগ্রীধারী বকুলের বিয়ে হয়ে গেল তড়িঘড়ি। কিছুকালের মধ্যে বকুলকে সঙ্গে নিয়ে জামাতা চলে গেল সেই দূর দেশে বিলেতে। ভালই কাটতে  লাগলো তাদের জীবন।

এদিকে চম্পার বিয়ের ফুল কুঁড়িবদ্ধই থাকে। ফুটতে চায় না যেন। অনেক চেষ্টা তদবীর করে কলেজের লেকচারার রাশেদের সাথে তার বিয়ে হয়। দুজনেই চাকুরীজীবী। চম্পা স্কুলে আর রাশেদ কলেজে। আলাদা বাসা ভাড়া নিয়ে তারা সংসার যাত্রা শুরু করে। তাদের সংসারে দুই পুত্র, দুই কন্যা জন্মগ্রহণ করে। 

কালের চক্র ঘোরে। তারা বড় হয়ে জীবনে প্রতিষ্ঠিতও হয়। তারপর বিদেশে পাড়ি জমায় উন্নত জীবনের প্রত্যাশায়। ছোট ছেলেটি দেশে থেকে যায়। চম্পা আর রাশেদ চাকুরী শেষে কনিষ্ঠ পুত্রের সঙ্গে ধানমন্ডিতে নিজের বাড়িত বসবাস করে।

বিলেতে বকুলের স্বামী ব্যারিস্টারি পাশ করে ভাল চাকুরী গ্রহণ করে। সলিসিটরের চাকুরী। একটি মাত্র কন্যা তাদের বেশ ভাল্ভাবেই মানুষ হচ্ছে। মেয়ের যখন আঠারো বছর বয়স একদিন তার সুস্থ বাবা অকস্মাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইহলোক ত্যাগ করেন। তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। বিদেশ বিভূঁয়ে একা। তার চেয়ে দেশে আত্মীয়দের সঙ্গে থাকা ভাল। 

বকুলের দুই ভাই বহু পূর্বেই সুইডেনের অধিবাসী। এক ভাই ঢাকার বাড়িতে থাকে মাকে এবং তার নিজের পরিবারের দুই পুত্র আর এক কন্যাকে নিয়ে। বকুল আসাতে তাদের ড্রইংরুম, থাকার ঘরে পরিণত হয়। বকুলের মেয়ে এলিজা কলেজে ভর্তি হয়। কিন্তু খাপ খাওয়ানো তার জন্য বড় কষ্টকর হয়ে পড়ে। তবে ভাগ্য ভাল যে সেই সময় ইংলিশ মিডিয়ামে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার রীতি প্রচলিত হয়েছিল। কিন্তু সে প্রাণ খুলে কারো সাথে মিশতে পারে না। ভর্তি হলো বি.এ. ক্লাশে। কিন্তু বাসায় বসার জায়গা নেই। সুতরাং পড়াশুনা শিকেয় তুলে রেখে তাকে বিয়ে দিতে বাধ্য হলেন তার পরিবার। সেখানেও তার অপরিচিত পরিবেশে বনিবনা বা মানিয়ে চলার ব্যাপারটি সামনে এসে দাঁড়ালো। তবুও তার চেষ্টার অন্ত নেই। স্বামী তার ভাল চাকুরী করে। কিন্তু কি করবে স্ত্রীর জন্য বুঝতে পারে না। দিন যায়। একদিন একটি পুত্র সন্তান জন্মদান কালে তার ভীত প্রাণপাখি খাঁচা ছেড়ে উড়ে যায়। নবজাতক অনাথ হয়, সঙ্গে অনাথ হয় এক অসহায় নারী –নাম তার বকুল। বকুল বাচ্চাটিকে লালন পালন করতে থাকে। অচিরেই তা সংঘাতে পরিণত হয়। বকুল বাধ্য হয়ে তাদের বাচ্চাটি ফেরৎ দিয়ে আসে। তারপর আর কোনদিন তার সন্ধান করেনি।

নিরুপায় বকুল বাসায় একজন অনাকাংখিত ব্যক্তি। সে চম্পার সহায়তায় একটি বেসরকারী স্কুলে চাকুরী গ্রহণ করে। শুরু হয় নতুন জীবন। বাসার কাজ আর স্কুলের কাজ সব তাকে সামলাতে হয়। বাসার সদস্য সংখ্যা বাড়তে থাকে। জায়গার সংকুলান হচ্ছে না। বকুল তার মাকে নিয়ে বারান্দার কোণে আশ্রয় পাতে। সাত সকালে সে প্রতিদিন শয্যা ত্যাগ করে। বাসার সকলের সব কাজ করে কোন প্রকারে নিজে একটু কিছু মুখে গুজে স্কুলে যায়। এদিকে ভাই ভাবী নেহায়েত দরকার না হলে একটি কথাও বলে না। এমনি সময়ে তার বৃদ্ধা মা ইহলোকে ত্যাগ করেন। বকুলের অসহায়ত্ব বৃদ্ধি পায়। সে তো এ বাড়ীর মেয়ে ছিল। এখন কারো কেউ নয়। কেউ তার সঙ্গে কথা বলে না। এভাবে সময়ের সিঁড়ি বেয়ে চাকুরী শেষ হলো একদিন। স্কুলের ছাত্রীরা ফুলের মালা দিল, ভালবাসা দিল, জায়নামাজ, তসবীহ্‌ , বুখারী শরীফ, মস্তক আবৃত করার জন্য একটি হিজাব দিল। মেয়েরা, কলিগরা কাঁদলো বিচ্ছেদের বেদনায়। বকুল কাঁদে তার অবলম্বন হারাবার বেদনায়। ভগ্ন হৃদয়ে বকুল বাড়ি এলো। বারান্দায় তার হাতের দ্রব্যাদি বিছানায় রেখে চোখের জল মুছতে লাগলো। তারই মাঝে শুনতে পাচ্ছে সে, সময়কার চা –নাস্তা সময়ে তৈরী হয়নি। তাই বিরক্তি প্রকাশ করছে সকলেই। উঠে দাঁড়ালো বকুল। দেয়ালে আটকানো আয়নায় চোখ পড়লো। দেখলো তার বৃদ্ধ মুখ, বিধ্বস্ত চেহারা। রান্নাঘরে গিয়ে দ্রুত হাত লাগালো। সকলের চাহিদা পূরণ করে হাত মুখ ধুয়ে মাগরিবের নামাজে দাঁড়ালো। এমন সময় এলো একদল মেহমান। তারা নব প্রজন্মের আত্মীয় –কুটুম। কোনদিন বকুলের সাথে তারা কুশল বিনিময় পর্যন্ত করেনি যদিও তার তৈরী খাবার তারা আনন্দের সাথে উপভোগ করে। প্রশংশা কোনদিন কেউ করেনি। এদেরই কেউ খবরের কাগজের ঠোঙ্গায় করে চিনা বাদাম নিয়ে এসেছিল। কাজ শেষ করে ঠোঙ্গাটি যখন ফেলতে যাবে এই সময়ে চোখ আটকে গেল একটি বিজ্ঞাপনে। গাজীপুরের হোতাপাড়ায় বৃদ্ধদের জন্য আশ্রম। কোন খরচ লাগবে না। ষাট বছর বয়স,নিরাশ্রয়, অসহায়, মস্তিষ্ক বিকৃত নয় এমন মহিলাদের থাকা খাওয়ার সুযোগ রয়েছে।

এতদিন পর বকুল যেন অন্ধকার সুড়ঙ্গের শেষে একটু আলোর আভাস দেখতে পেল। পরদিন সকালে কাজ গুছিয়ে বেরিয়ে পড়লো। বাসে চড়ে গেল গাজীপুরের কুড়িবাড়ী হোতাপাড়ায়। গভীর গজারী বনের অভ্যন্তরে এক আশ্রম। নাম তার বয়স্ক ও শিশু পূনর্বাসন কেন্দ্র। সংক্ষেপে ‘বশিপুক’। প্রতিষ্ঠাতা এক মহান ব্যক্তি। নাম খতিব আব্দুল জাহিদ মুকুল। যিনি নিজের খরচে এই অসহায় বৃদ্ধ – বৃদ্ধাদের অতি আপনজন হয়ে আশ্রয় কেন্দ্র খুলেছেন এবং সবদিকে খেয়াল রাখছেন। বকুল মেয়েদের এলাকায় গেল। লম্বা টানা বারান্দাওয়ালা ব্যারাক। সুপ্রশস্ত কামরা। সঙ্গে প্রশস্ত বাথরুম। প্রতি রুমে দুই সারিতে পাঁচজন করে দশজন থাকে। ডাইনিং রুম, টিভি রুম, নামাজের ঘর, রান্না ঘরের বিরাট এলাকা, আর আছে অফিস রুম সমূহ।

বকুল ঘুরে ঘুরে সব দেখলো। প্রত্যেক রুমের সামনে বসার জন্য বেঞ্চ পাতা আছে। বকুলের মন চলে গেল অতীতে। তারা দুই বোন হস্টেলে থাকতো। দলবেঁধে গান গাইতো , নাচতো, ফাংশান করতো, কবিতা আবৃত্তি করতো।  বকুল একটা কবিতা খুব গাইতো –

Row row row your boat,Gently down the stream 

Merrily merrily merrily, Life is but a dream. 

সব মেয়েরা একসঙ্গে গেয়ে উঠতো। মেট্রন খালাম্মা কত বকা দিতেন। আজ কোথায় গেল সেসব সোনাঝরা দিন। আবার ফিরে এলো হস্টেলে।  ছোট বেলার স্বপ্ন ছিল সুখের স্বপ্ন। এখন আছে ফেলে আসা অতীতের ভয়ংকর দুঃস্বপ্ন। দরজায় বসে আছে জরা ,ব্যাধি আর মৃত্যু। সামনে শেষ বিকেলের অন্ধকার, নিঃশব্দ রাত্রির সেই কবরস্থানের আহ্বান।  

আবার কান্না এলো বকুলের। বুক ভাঙ্গা কান্না! বাসায় তো কান্নার স্বাধীনতাটুকুও  ছিল না। এখানে সে কাঁদতে পারবে, হাসতে পারবে শান্তি না থাক স্বস্তি থাকবে। বকুলের মনে পড়ে গেল অদৃষ্টের কথা। হায়রে অদৃষ্ট। কি অনিষ্ট করেছিলাম আমি তোর? এত বড় বিশ্বে আমার কত বড় ঠাঁই এর প্রয়োজন ছিল। How much land does a man require? আমার যমজ বোন চম্পা, সে তো মহাসুখে আছে, আদরে, মমতায় সকলের মা হয়েছে। আমার গুণ তার চাইতে কম কিসের! সেও আমা হতে মুখ ফিরিয়ে নিয়েছে। আমার খোঁজ রাখে না। পাছে তার সুখে ভাগ বসাই। এক জোড়া কাপড় আর যত সামান্য জিনিসপত্র নিয়ে আমি এ আশ্রমে এসেছি। টাকা পয়সা যা কিছু ছিল সব ফেলে রেখে এসেছি।

বারান্দায় দাঁড়িয়ে আনমনা হয়ে ভাবছিল বকুল। হঠাৎ দেখে বারান্দার নীচে অনেক শিউলি গাছে। শরতের সকালের ঝরা ফুলে ছেয়ে আছে চারিদিক। দেখবার কেউ নেই। মনে পড়ে গেল স্কুলের স্টেলের কথা। লুকিয়ে লুকিয়ে ভোর বেলায় ফুল কুড়িয়ে মালা গেঁথে বন্ধুদের দিত। অদূরে দেখা যাচ্ছে বাগানে একটা দোলনা। পুরানো সেই দিনের কথা স্মরণে এলো।

‘মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়-

বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।’

যমজ বোনের কথাই বকুলের মনে পড়ছে বেশী। সেই তাকে দেখেশুনে রাখতো। তার জ্বর হলে নিজের জ্বর উপেক্ষা করে চম্পার শুশ্রূষার দিকে ছিল তার সকল মনোযোগ। বোন ছিল তার প্রান প্রিয়। অথচ আজ মনে হচ্ছে মানুষ একাই জন্ম গ্রহণ করে। তার কী প্রয়োজন ছিল চম্পার সঙ্গে জন্মাবার।  কেন এসেছিল সে? কেন পেয়েছিল এত আদর, সোহাগ, মায়া মমতা, স্বামী সন্তান, সুখ সমৃদ্ধ –কি দরকার ছিল? কোনো মহাভারত কি অশুদ্ধ হতো তার জন্ম না হলে? কেন হারালো সব? কেন পরাশ্রিত হলো? নিজের উপার্জন, কর্মদক্ষতা থাকা সত্বেও কেন অন্যের  গলগ্রহ হয়েও অপমানিত হলো? কি দোষ ছিল তার? তবুও হয়েছে। এই তার নিয়তি। তার তকদীর । তার কপালের লিখন! 

বৃদ্ধাশ্রমে সব বুক ভাঙ্গা, মন ভাঙ্গা, দুঃখী মানুষের বসবাস। যারা জীবনের বৃন্ত হতে বিচ্ছিন হয়েছে, বাড়িতে থেকে পরিত্যক্ত হয়েছে, তারাই এখানে আশ্রয় পেয়েছে। জীবনের শেষ আশ্রয়। ঘাটের পাড়ে নিজের নৌকা খানির অপেক্ষায়। এখানকার সকলের সঙ্গে বকুল সুখ দুঃখ ভাগাভাগি করে নেবে। সকলকে ভালবাসবে। দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের। কি পেয়েছি, কি পাইনি, সে হিসাব আর কোনদিন করবে না। আর ভবিষ্যত? সে তো সেই আলেমুল গায়েব –তারই হাতে ন্যস্ত। ভাগ্যবান, ভাগ্যহত সকলেই যার কাছে সমর্পিত।

........

Tuesday, March 31, 2026

স্মৃতিচারণ মূলক-আমাদের আবু ভাই

বগুড়া ক্যান্টনমন্টে তখন নির্মানাধীন।সেজন্য কর্ণেল হারুন এবং অন্যান্য অফিসারগণ ক্যান্টনমেন্টের বাইরে শহরে বাড়ি ভাড়া করে বসবাস করতেন। আমরা যে এলাকায় বাসা নিয়েছিলাম তার নাম ছিল ঠনঠনিয়া। সময়টি  ছিল – ১৯৭৮ সালের জানুয়ারি মাস। বগুড়ায় অবস্থান কালে আমাদের বাড়িতে আরেকটি ঘটনা ঘটে, যা ভুলবার নয়। তা হচ্ছে আমাদের প্রিয় আবু ভাইয়ের (আবু আইয়্যুব) মৃত্যু। তিনি হারুন সাহেবের আপন চাচাতো ভাই এবং আপন জ্যেষ্ঠ ভগ্নীর স্বামী। তিনি এদের সকলের ফ্রেন্ড, গাইড এবং ফিলসফার ছিলেন। তিনি যেন নিজের ভাইয়ের চাইতে অধিক দায়িত্বশীল ছিলেন। সেই ভাই বুকের ব্যথায় একটু অসুস্থ হন খুলনায়। সেখানকার ডাক্তার বললেন বাত জ্বরের ব্যথা, সেরে উঠবেন। কিন্তু আবু ভাই এর ধারণা হারুনরে চিকিৎসায় তিনি সেরে  উঠবেন। তিনি  বগুড়ায়  এলেন। প্রথমেই  গেলেন  সি.এম. এইচ. -এ । হারুন উনার  এক্স-রে দেখেন এবং অন্যান্য পরীক্ষা করেন। তিনি দেখতে পান উনার হার্ট এনলার্জড। বৃহৎ আকার ধারণ করেছে। হার্টের অবস্থা মোটেই ভাল নয়। শরীরের জন্য রীতিমত রক্ত সঞ্চালন করা হৃদপিন্ডের জন্য  কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হারুন খুব ব্যাকুল হন। কিন্তু আবু ভাইকে এসব বলেননি। আবু ভাই বাসায় চলে এলেন। বললেন, ‘হারুনের মুখ কালো হয়ে গেল এক্স-রে দেখে। আমাকে কিছু বললো না। তুমি একটু জিজ্ঞেস করে দেখতো, আমার কি হয়েছে। খুলনার ডাক্তার তো বললেন বাতের ব্যথা, সেরে যাবে অষুধ-পত্র খেলে।’ 

আমার মন ভারাক্রান্ত ছিল আগে থেকেই। কারণ আবু ভাই বাসায় পৌঁছাবার আগেই হারুন  ফোনে উনার বিপদ জনক ব্যাধির কথা জানিয়ে দিয়েছেন। বললাম, ঠিক আছে, আমি এখনই উনার সঙ্গে কথা বলে দেখি। পরে উনাকে বললাম, আপনার হার্টে একটু অসুবিধা দেখা যাচ্ছে। চিকিৎসার প্রয়োজন। হারুন বাসায় এসে বেড রেস্টের পরামর্শ দিলেন, এবং সেই রকম ব্যবস্থা করে দিলেন। বিছানার শিয়েরের দিকটা উঁচু করে দিলেন। প্রয়োজনীয় চিকিৎসা শুরু করলেন। পরে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের কনসালট্যান্ট ফিজিসিয়ান ডাক্তার তৈয়বকে কল দিলেন। তিনি ছিলেন আমাদের বিশেষ বন্ধু। তিনি এসে উনাকে পরীক্ষা করে দেখলেন। চিকিৎসায় একমত পোষণ করলেন। 

সেই সময় বগুড়ায় কোন ই.সি.জি. মেশিন ছিল না। মিলিটারি কিম্বা সরকারী হাসপাতালে, কোথাও ই.সি.জি. মেশিন নেই। রংপুর সি.এম.এইচ. থেকে মেশিন, স্পেশাল পারমিশনে, আনিয়ে উনার ই.সি.জি. করা হল। তাতে দেখা গেল উনার মাইওকার্ডিয়াল ইনফারকশান -হার্টের অবস্থা ভাল নয়। হার্ট  ফেইলিওরের দিকে যাচ্ছে। যে কোনদিন  দুর্ঘটনা ঘটে যেতে পারে। সপ্তাহ দুয়েক বেশ ভালই চলছিলেন। কারণ অসুখটা বাইরে থেকে বোঝার উপায় ছিলনা। বিছানায় থাকতেন বেশীর ভাগ সময়, উঠে বসতেন, টেবিলে এসে খাবার খেতেন। টেলিভিশনে খবর দেখতেন। আমার সঙ্গে অনেক গল্প করতেন দেশের সমস্যার কথা, জীবনের কথা, উনার পরিবারের কথা। আর হারুনরে প্রশংসা করতেন। খুব বুঝতে পারতাম হারুন তাঁর খুব প্রিয় পাত্র। একদিন দিন তিনি আমাকে ডেকে বললেন, ‘আমাকে তওবা করাবার ব্যবস্থা কর।’ 

হারুন অফিসিয়াল কাজে রংপুর গিয়েছিলেন। ফিরে আসার পর তাকে জানালাম উনার অভিপ্রায়। শুনে হারুনের মন খারাপ হল, মুখভার হল। তা লক্ষ্য করে আবুভাই আমাকে বললেন, ‘হারুনকে মন খারাপ করতে নিষেধ কর। মানুষ মারা যাবার আগেই কেবল তওবা পড়তে হয় এমন কোন কথা নেই। আমার ভাল লাগবে সেজন্য করতে চাই।+

আমি পারুলরে বোন রানু আপাকে একথা জানাই। তিনি খুব তাড়াতাড়ি সব বন্দোবস্ত করে দেন। মৌলবী সাহেব, দু'তিনজন সঙ্গীসহ এসে উনাকে তওবা পড়ান। তিনি নিজেও এসব পাঠ খুব ভাল রকম জানেন। তারপর উনার আরোগ্য লাভের জন্য প্রার্থনা করা হয়। তিনি বললেন, মনের দিক থেকে তিনি খুব আরাম বোধ করছেন, তাতে আমাদের ও মন খুব হালকা হয়। 

হারুন প্রতিদিন উনাকে একবার চেস্ট এগজামিন করেন। কিন্তু অবস্থার উন্নতি লক্ষ্য করা যায় না। মন আরো খারাপ হয়। আবু ভাই খুব ধার্মিক ছিলেন। বসে বসে নামাজ পড়তেন। কারণ উঠাবসা একদম নিষেধ ছিল। আমাদের বাসায় যতদিন ছিলেন ততদিন একদম চিৎ হয়ে কখনও শুতে পারেননি। মাথার দিক উঁচু রেখেই শয়ন করতেন। 

একদিন তিনি বাথরুমে যান সকাল দশটার দিকে। কিন্তু আর উঠতে পারছেন না। বাসায় কেউ নেই নেই, কাজের একটি ছোট ছেলে, আর ভাসুরের ছোট ছেলে ফারুক ছাড়া। দুই ছোট ছেলেকে দিয়ে কোন কাজ হল না। তিনি লম্বা চওড়া বিশাল দেহি মানুষ। বাড়ির সামনে একটি দোকান ছিল। সেই দোকানী  দুলালকে ডেকে আনলাম। দুলাল ও দুই ছোট ছেলে বহু কষ্টে উনাকে বাথরুম থেকে বের করে এনে চেয়ারে বসায়। পরে চেয়ার টেনে এনে বারান্দায় রৌদ্রে বাসানো হয়। 

আমি খুব ঘাবড়ে যাই। শুধালাম, ‘বুবুকে (উনার স্ত্রী) আসতে বলি? ’ 

বললেন,‘না, বাসা খালি, বাবুলও অফিসে যায়। থাক, উনার আসার প্রয়োজন নেই। তুমিই তো আমার দেখাশুনা করছ।’ 

বললাম, ‘বুবু হয়ত আপনার পছন্দের খাবার তৈরী করতে পারতেন। আপনার হয়ত ভাল লাগতো। আপনি একদম খাবার খাচ্ছেন না। আমার খুব চন্তিা হচ্ছে।’ 

বললেন, ‘না, তোমার রান্নাই ভাল। আমার মুখে রুচি নেই। আবার ঠিক হয়ে যাবে শীগিগীরই।’ 

আবু ভাই এরকম অসুস্থ শুনে আমাদের আত্মীয় বন্ধু অনেকেই আমাদের বাসায খুব আসতেন, উনার খবর নিতেন। তখন অনেকেই আমাকে বলতে লাগলেন, উনার স্ত্রী পুত্রকে ডাকেন, উনার অবস্থা ভাল ঠেকছে না। একদিন তিনি খুলনায় ট্রাংকলে কথা বলেন বাবুলের সঙ্গে। সকলের খবরাখবর জানতে চাইলেন। কে একজন মারা গিয়েছেন উনার বগুড়ায় আসার আগের দিন, তাদের সবার কুশল সংবাদ শুধালেন। পরের দিন হতে তিনি একটু বেশী কথা বলতে লাগলেন। আমি হারুনকে বললাম, ‘খুলনায় ফোন বুক কর।’ যান্ত্রিক কারণে সেদিন খুলনার লাইন বিকল ছিল। বগুড়ার আমজাদ ভাইয়ের স্ত্রী টেলিফোনে চাকুরী করতেন। তিনি মেজর হারুনরে  ফোনকল  পড়ে আছে দেখে বাসায় ফোন করেন। ওনাকে  বললাম সব কথা। তিনি রাজশাহী দিয়ে খুলনায় ফোন কানেকশান লাগিয়ে দেন। কথা ভাল মত শোনা যাচ্ছিল না। আমি হারুনকে বললাম, কষ্ট করে লাইন পাওয়া গিয়েছে, অন্য কোন কথা নয়। বাবুলকে বল ওর আম্মাকে নিয়ে আজই রওনা হতে। বাবুল কথা বুঝতে পারে না। তবুও হারুন উচ্চস্বরে একই বার্তা বারবার উচ্চারণ করতে লাগলেন। লাইন সত্যি কেটে গেল। জোরে জোরে কথা বলার দরুণ  আবু ভাই সবই শুনে ফেললেন । তিনি বললেন, ‘কেন তাদেরকে টানাটানি করছ। আমি কয়েক দিনের মধ্যে চলে যাবো। সেখানে আমার অনেক কাজ পড়ে আছে। একটু ভাল হলেই আমি চলে যাবো।’ 

খাদ্যের প্রতি উনার খুব বিতৃষ্ণা। খাবার দেখলেই বিরক্ত বোধ করতেন। বলতেন এত খাবার । একটুখানি দাও। পরেই ভাল লাগছে না বলে, একেবারেই খেতেন না। বলতেন একটু পরে দিও। কমলা লেবু একটুখানি মুখে নিতেন। অন্য কিছুই নয়। পরে আমি অনুভব করেছিলাম এবং অন্যদের কাছ থেকে শুনেছিলাম যে, মৃত্যুর পরওয়ানা যার এসে যায়, তার মুখের স্বাদ নষ্ট হয়ে যায়। 

সেদিন সন্ধ্যায় আমি উনার শয্যাপাশে বসা। উনি আধো শোয়া অবস্থায় অনেক গল্প করলেন। নিজের গল্প, পরিবারের গল্প। মাঝরাত থেকে একটু প্রলাপ বকতে শুরু করলেন। তন্দ্রাচ্ছন্নভাব। তারই মাঝে কাকে যেন অংক শেখাচ্ছেন। তিনি ছিলেন সেই যুগের বি.এস.সি পাশ এবং অংকে ওস্তাদ । টেলিগ্রাফ ও টেলিফোন ডিপার্টমেন্টে  সে আমলে ইঞ্জিনিয়ারের চাকুরী করতেন। যারা মৃত এবং বহুদিন পূর্বে গত হয়েছেন তাদের সকলের নাম ধরে কথা বলতে লাগলেন। আমি তাদেরকে অনেককে চিনি না। তিনি তাদের কথা বলতে থাকলেন অনর্গল। 

হারুন সাহেব, বাড়িওয়ালা ও অন্যান্য পরিচিত সকলকে আবু ভাইয়ের অবস্থার অবনতির কথা জানিয়ে রাখলেন। পরদিন বাসা র্ভতি লোকজন। কথা জিজ্ঞেস করলে তিনি উত্তর দিচ্ছেন। কিন্তু নিজে থেকে কথা বন্ধ রাখতে পাচ্ছেন না। আর্মি ইউনিটের মৌলভী সাহেবরা এসে অনেক দোয়া পড়ালেন। আর্মির চিকিৎসকরা এলেন। দেখলেন, বুঝলেন যে আর তেমন কিছু করবার নেই। 

সন্ধ্যার দিকে বুবু ও বাবুল (উনার স্ত্রী পুত্র) এসে পৌঁছালেন। আবু ভাই তাদেরকে চিনলেন। বললেন, ‘এসেছ, এসেছ তোমরা?’ 

তারপর আবার সেই প্রলাপ, সারারাত এইভাবে কেটে গেল। ভোরেও বাসায় প্রচুর লোকজন। ব্রিগেড কমান্ডার সাদেকুর রহমান চৌধুরী নির্দেশ দিলেন, মেজর হারুনরে  যা কিছু সাহায্যের প্রয়োজন, তা যেন ইউনিট থেকে দেয়া হয়। মেজর হারুন সাহেবের পুরো ইউনিট আমাদের পাশে ছিল। সি. এম. এইচ. এর সি. ও., কর্নেল আব্দুস সালাম, মেজর হারুনকে সর্বপ্রকার সহযোগীতা দান করেছেন। মেডিকেল এসিসট্যান্টরা সাকশান মেশিন দিয়ে একটু পর পর উনার গলা পরিষ্কার করে দিতে থাকলো। 

এদিকে আমি মুখরোচক খাবার কি দেয়া যায় সেজন্য বাজারে লোক পাঠালাম। শিং মাছের পাতলা ঝোল দিয়ে যদি নরম ভাত একটু খাওয়ানো যায়। সকাল নয়টার দিকে কমলা লেবুর কোয়া ছিলে উনার মুখে তুলে দিচ্ছিলাম। পিছনে বেড উঁচু করে উনাকে বসানো হল। একটি কোয়ার ভেতরে বীজ ছিল। আস্তে আস্তে সেটিকে বের করে নিজের হাতে নিয়ে আমাকে দিলেন। 

বললাম, ‘মিষ্টি কমলা আরেকটু খান, আপনার ভাল লাগবে।’ 

বললেন, ‘কি যে বল তুমি!’  

তারপর আর খাবেন না বলে ইশারা করলেন। মনে মনে ভাবলাম, আজ দুপুরের খাবারটা একটু আগেই দেবো। উনার খাদ্য গ্রহণ বিশেষ প্রয়োজন। শরীরের শক্তি ক্রমশই কমে আসছে। খাচ্ছেন না বলেই এই অবস্থা। 

 একটু পরেই উনার গলায় কেমন ঘরঘর আওয়াজ হতে লাগলো। বুবু ব্যাকুল হলেন। বললেন, এ আওয়াজ আমার চেনা। জীবনে অনেকবার এ আওয়াজ আমি শুনেছি। এ আওয়াজ বাঁচার আওয়াজ নয় বলে কান্না শুরু করলেন। সেই সময় আমাদের বাসা লোকে লোকারণ্য। হারুনরে চাচাতো ভগ্নিপতি সালাহউদ্দিন ভাইও ঘরে বসে আছেন। আরো কতজন! মৌলভী সাহেব কোরান তেলাওয়াত করতে লাগলেন। মেডিকেল এসিস্ট্যান্ট গলা পরিষ্কার করে দিচেছ। বুবু, বাবুল, হারুন উনাকে জাপটে ধরে  রেখেছেন। আমি ও অন্যান্যরা উনার হাতে, পায়ে ধরে রাখলাম। প্রায় আধ ঘন্টা ধরে এরকম চলতে থাকলো। হঠাৎ  উনার গলার আওয়াজ থেমে গেল। একবার চারিদিকে তাকিয়ে তাঁর চোখের পাতা মুদ্রিত হল। তিনি শান্ত হলেন। নীরব হলেন। চলে গেলেন মহা প্রস্থানের পথে চিরতরে। আমাদের সকলের হাতের বন্ধন আগ্রাহ্য করে কখন চলে গেলেন বুঝতে পারলাম না। 

সারা শরীর গরম, হাত, পা ঠান্ডা নয়, স্বাভাবিক। মনে হয় ক্লান্ত  হয়ে বিশ্রাম নিচ্ছেন। কিন্তু না, তিনি আর ইহজগতে নেই। মাত্র একটি নিশ্বাসের এপার ওপার। এই মাত্র ছিলেন, এখনই নেই। নাই, নাই, কোথাও নাই। মাত্র ৫৭ বৎসরের দেহ ত্যাগ করে তিনি চলে গেলেন। ঘর ভরা লোক। কেউ তাকে রাখতে পারলো না। সকল মায়ার বাঁধন ছিন্ন করে তিনি উর্দ্ধলোকে আরোহন করলেন। কত কাজ করা বাকী ছিল। সব ফেলে রেখে  চলে গেলেন। 

‘প্রিয়া তারে রাখিল না,রাজ্য তারে ছেড়ে দিল পথ,
রুধলি না সমুদ্র পর্বত।
আজি তার রথ
চলিয়াছে রাত্রির আহ্ববানে
নক্ষত্রের গানে
প্রভাতের সিংহ-দ্বার পানে।
জীবনেরে কে রাখিতে পারে!
আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে।
তার নিমন্ত্রণ লোকে লোকে
নব নব পূর্বাচলে আলোকে আলোকে।’

আমরা গভীর দুঃখে মগ্ন হলাম। উপস্থিত আমাদের বন্ধু ও অন্য ভদ্র মহিলাগণ আমাদের সান্ত্বনা  দিতে লাগলেন। জীবনের  বাস্তবতা কথা বললেন কেউ কেউ। সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, জন্মিলে মরিতে হবে........। কত কথা বলে তারা আমাদের সীমাহীন শোকে অংশ গ্রহণ করেন। 

বাজার করতে দিয়েছিলাম অনেক কিছু। রান্না আর করা হলনা। তিনি আর কোনদিন বলবেন না, ‘একটু খাবার দাও, ক্ষুধা পেয়েছে।’

সকলে মিলে আবু ভাইয়ের শেষ কৃত্যের প্রস্তুতি সম্পন্ন করলেন। দেখে মনে হচ্ছে তিনি ঘুমাচ্ছেন শান্তিতে । প্রাণহীন দেহ পড়ে আছে মনেই হচ্ছে না। ডাকলেই যেন উঠে বসবেন। নামাজ পড়বার জন্য তৈরী হবেন, কথা বলবেন। কিন্তু তা আর কোনদিন হবে না। উনার নুরানী চেহারা বড় পবিত্র দেখাচ্ছিল। বিকেলের দিকে নামাজে জানাজা শেষে বগুড়ার ভাই পাগলার মাজার সংলগ্ন সরকারী কবরস্থানে উনাকে সমাহিত করা  হলো। হারুন সাহেবের পুরো মেডিকেল ইউনিট ও অন্যান্য বন্ধু বান্ধব, পরিচিত ও সকলেও উনার জানাজায় শরীক হলেন।

আমাদের এই দুঃসময়ে পারুলের বোন রানু আপা, আমাদের বন্ধু কাইয়ূম সাহেব, আমাদের দেশের ছেলে মহিউদ্দিন, বাড়িওয়ালার ছেলে আক্কাস ও অনান্য স্থানীয়রা ভীষণভাবে সাহায্য করেছিলেন। আল্লাহর রহমতে দাফন কার্য এমন সহজতর হয়েছিল, যা কল্পনা করা যায় না। নিজের গ্রাম নয়, নিজের শহর নয়, আত্মীয়স্বজন নেই সেখানে,তবুও সকলে এমন সাহায্যের হাত বাড়ালেন যেন আপনার চেয়ে আপন তারা। মানুষের বিপদে যারা পাশে দাঁড়ায়, তারাই প্রকৃত আপন জন। আমরা চিরকাল তাদের সহানুভূতি ও সদাচরণের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবো। 

আবু ভাইয়ের মৃত্যু বগুড়াকে আমাদের নিকট চিরস্মরণীয় করে রেখেছে। উনার অর্ন্তধান  আমাদের পরিবারে এক বিরাট ক্ষতি। উনার মৃত্যুতে পরিবারের সকলের মনোবল ভেঙ্গে যায়। আজও আমরা উনার জন্য খুবই কষ্ট পাই। উনার  অভাব অনুভব করি। তাঁর কবর আজও সেই গোরস্থানে বাঁধানো রয়েছে। চির নিদ্রায় শায়িত আছে তাঁর মরদেহ। মহাকালের যাত্রীদের কাফেলায় তিনি শরীক হয়েছেন। 

.........




Tuesday, March 24, 2026

স্মৃতিচারণমূলক - নিভে গেল আলোর শিখা


তিনি ছিলেন আমার জ্যেষ্ঠ ভ্রাতা। সেই শিশুকাল হতে যার কোলে পিঠে আমি মানুষ হয়েছি। অক্ষর চিনেছি, কলম ধরতে শিখেছি। সেই অন্ধকার যুগে যিনি আমাকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পথ চিনিয়েছেন। পাঠ্য পুস্তকের বাইরে প্রতিটি ক্ষেত্রে যিনি আমাকে জ্ঞান দান করেছেন, অজানাকে জানবার দরজা খুলে দিয়েছেন। নিজে চাকুরী গ্রহন করবার পর থেকে আমার লেখাপড়ার খরচ বহন করেছেন – তিনি আমার এই ভাই – লে. কর্নেল ডাঃ হাফিজ আহমেদ –আমার দাদু। মেধা ও মননে তুলনাহীন একজন ব্যাক্তি। তার তীক্ষ্ণ বুদ্ধি, ক্ষুরধার প্রতিভা, অপরিসীম জ্ঞান মানুষকে অভিভূত করেছে। তাঁর সংস্পর্শে যারা এসেছেন তারা তাঁর কাছে ঋণী। ক্ষণিকের উপস্থিতিতেও তারা জ্ঞান বা সদুপদেশ লাভ করেছেন। তাঁর ক্ষমাশীল অন্তর নিরন্তর মানুষের কল্যাণে নিয়োজিত ছিল।

তিনি পেশায় ছিলেন চিকিৎসক। আর্মি মেডিকেল কোরের একজন দক্ষ অফিসার। প্রথমে  আজাদ কাশ্মীরে, পরে পাকিস্তানে, পরে বাংলাদেশ সেনাবাহিনী থেকে তিনি লে. কর্নেল হিসেবে চাকুরী থেকে অবসর গ্রহন করেন। মানুষের সেবা করাই ছিল তার ব্রত। অসুস্থ  ব্যাক্তির চিকিৎসার বন্দোবস্ত করা, কারো অর্থকষ্ট দূর করা, ক্ষুধার্ত লোকের অন্ন সংস্থান করা, চাকুরী দেওয়া –এইসব ছিল তার নিত্যদিনের কাজ। তার উপকার পায়নি এরকম কেউ নেই। 

শিশুদের ভালবাসতেন তিনি। খেলাচ্ছ্বলে তাদেরকে জ্ঞান দান করতেন। মজার মজার কথা বলে তাদের বুদ্ধির সলতে উসকে দিতেন। তাদের জন্য প্রতিষ্ঠা করেছেন প্রাইমারি স্কুল নিজের বাড়ির আঙ্গিনায়। শিশুরা তাকে খুব পছন্দ করত। সবসময় তার পিছনে ঘুরতো। আমরা বলতাম, ‘দাদু, তুমি হ্যামিলনের বাঁশিওয়ালা। তোমার কাছে জাদু আছে।’

আজাদ কাশ্মীর ও ভারত সীমান্তে একবার প্রচন্ড যুদ্ধ হয়। চারিদিকে বোমা বৃষ্টি। যত্রতত্র মানুষের লাশ পড়ে আছে। এক যুদ্ধাহত সহকর্মীর আর্তনাদ তার অন্তরকে গভীরভাবে স্পর্শ করে। তিনি নিজের বিপদ তুচ্ছ করে তাকে কাঁধে তুলে বিপদ মুক্ত এলাকায় নিয়ে আসেন।

 


সাহিত্য এবং কাব্যচর্চা ছিল তার সহজাত বৃত্তি। ‘বনফুলের’ মত ডাক্তার হয়ে তিনিও একজন সাহিত্য প্রেমিক ছিলেন । যে কোন বিষয়ে তার কলম থেকে বের হয়ে আসতো সুন্দর এবং সুখ পাঠ্য একটি রচনা। যাযাবরের দৃষ্টিপাত ছিল তার মুখস্থ। রবীন্দ্রনাথ ছিল তার আত্মস্থ। বাংলা বানানের উপর তিনি গবেষণা করেছেন। শুদ্ধ বানান এবং শুদ্ধ উচ্চারণের রীতির তিনি এদেশে একজন পথিকৃত। সহজ পদ্ধতিতে বাংলা বানান কিভাবে লেখা যায়, তার উপায় তিনি বহু রচনায় প্রকাশ করেছেন। শিক্ষিত সমাজকে সচেতন করবার জন্য বানান রীতির উপর প্রচুর সহজ নিয়ম বিভিন্ন পত্র পত্রিকায় দীর্ঘদিন চিঠিপত্র কলামে এইচ. আহমেদ নামে প্রচার করে গিয়েছেন। রম্য রচনায় তিনি ছিলেন সিদ্ধ হস্ত। প্রচার বিমুখ ছিলেন বলে তার লেখাসমূহ বই আকারে প্রকাশ করেন নি।          

বিংশ শতাব্দীর গোড়ার দিকে আমার পিতা একটি আলোর শিখা স্বরূপ জন্মগ্রহণ করেছিলেন। বহু সংগ্রাম করে তিনি এলাকায় আলোর সন্ধান দিলেন। তাঁরই ফেলে যাওয়া শিখাটি লে. কর্নেল. হাফিজ আহমেদ মশাল হিসেবে তুলে ধরেন। তিনি আমার পিতার প্রতিষ্ঠিত স্কুলটিকে বহু সংগ্রাম করে সরকারীকরণ করেন। সেটিকে নিজের উঠানে সরকারি সহায়তায় দালান নির্মাণের ব্যবস্থা করেন। বর্তমানে সেখানে দুটি দালানে ছেলেমেয়েদের ক্লাস চলে। স্কুলটি তিনি তার মায়ের নাম অনুসারে নামকরণ করেছেন। স্কুলটির নাম ‘জুবাইদা ফিরোজা সরকারী প্রাইমারি স্কুল –হরিরামপুর।’

ছাত্র ছাত্রীরা এই স্কুল থেকে প্রাইমারি পাশ করে অন্যান্য হাইস্কুলে যাচ্ছে। কেউ কেউ উচ্চশিক্ষার পথে আগ্রসর হচ্ছে। গ্রামের অনেক ছেলেমেয়ে এখন অক্ষর জ্ঞান সম্পন্ন। শহরে বন্দরে আজ তাদের পদচারণা। সভ্যতা এবং প্রযুক্তির সঙ্গে তাদের পরিচয় ঘটছে। ডা. হাফিজ আহমেদ গ্রামে পাকা রাস্তা ঘাট নির্মাণ করে দিয়েছেন। তারও বহু বছর পূর্বে আমার পিতা আব্দুস সোবহান বিশ্বাস সেই ব্রিটিশ আমলে বর্তমান রাস্তার নকশা তৈরী করে কাঁচা রাস্তা বানিয়ে গিয়েছিলেন। আমার দাদু আমাদের অঞ্চলে বিদ্যুৎ সরবররাহের ব্যবস্থা করেছেন। এখন ঘরে ঘরে বৈদ্যুতিক আলো জ্বলে। কেরোসিনের কুপি আর নাই। গ্রামে যান্ত্রিক যানবাহন অনবরত চলছে। মানুষ সর্ব পর্যায়ে একটু উন্নত জীবনের সন্ধান পেয়েছে। 

আমার ভ্রাতা একজন ক্ষণজন্মা পুরুষ। রাস্তা, ঘাট, স্কুল, মাদ্রাসা এবং অনেক সমাজ হিতৈষী কাজ তিনি করেছেন। তার মত নম্র ভদ্র বিনয়ী সুশিক্ষিত মানুষ একটি দৃষ্টান্ত স্বরূপ। তার মত আদর্শ মানুষ বাংলার প্রতিটি ঘরে ঘরে জন্মগ্রহণ করুক এই আমার প্রার্থনা। 

তিনি তার পিতা মাতার খুব খেয়াল রাখতেন। তাঁদের যত্ন, তাঁদের চিকিৎসার কোন ত্রুটি করেননি। তার ন্যায় এরকম সুপুত্র ভাগ্যবান পিতার ঘরেই জন্মায়। তার মানবতা বোধ ছিল সীমাহীন। যেখানেই মানুষের দুঃখ কষ্ট সমস্যা সেখানেই তিনি। তিনি সকলের আপনজন। সেই মানুষটি নিরলস পরিশ্রম করে গিয়েছেন সারাটি জীবন। নিজের জন্য কোন সময় রাখেন নি।তার ফুসফুস যে তিলে তিলে আক্রান্ত হয়েছে,সে খবরও তিনি পাননি। শারীরিক সমস্যাগুলোকে উপেক্ষা করে দিব্যি পরের কাজ করে, চলে ফিরে বেড়াতেন।ফুসফুসের ক্যান্সার তার সম্পূর্ণ সুস্থ শরীরে চুপিসারে বাসা বাঁধলো। যখন রোগ ধরা পড়লো তখন অনেক দেরি হয়ে গিয়েছে।চার মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে ঢাকা সি. এম. এইচ. -এ ৯ই জুন, ২০১২ শনিবার ঠিক দুপুর বারোটায় অচীনপুরে চলে গেলেন। এই কয়েকটি মাস ক্রমাগত চিকিৎসার সময় তার শরীরে অন্য  কোন অসুখ ছিল না, যন্ত্রণা ছিল না। জ্ঞান বুদ্ধি ছিল আগের মত প্রখর ও অটুট। নিজে ডাক্তার ছিলেন। নিশ্চিত মৃত্যুর পরোয়ানা হাতে পেয়েও নির্ভিক চিত্তে মৃত্যুকে বরণ করে নিলেন।

তিনি আমাদের খুব প্রিয় ছিলেন। মারা যাবেন সে কথা কখনও বলতেন না। পাছে আমাদের হৃদয় যমুনা উথলে উঠে। একদিন বললেন, ‘মায়ের কথা খুব মনে পড়ছে।’ চুপ করে রইলাম আমি। মনে হলো তাঁর খুব কষ্ট হচ্ছে। বললেন, ‘আমার মা নেই। যদি থাকতেন তবে তোমরা তার কাছে জানতে চাইতে আমার কথা।’ 

তারপর বললেন, 

‘বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ঐ / মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই?/ 

ওঘর থেকে কেন মা আর দিদি আসে না কো / দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?’

এইটুকু বলে চুপ করে চোখ বন্ধ করে রইলেন –যেন ক্লান্তি বোধ করছেন। আমারও গলা ধরে আসছিল, আমিও চুপ করে থাকলাম। বললাম, ‘আর কথা বলো না।’  তিনি বললেন, ‘আর কবে কথা বলবো।’ 

.........

Thursday, March 19, 2026

স্মৃতিচারণমূলকঃ একাকী একজন – আমার মা

 

মানুষ ভাগ্য নিয়ে জন্মায়। জীবনের বাঁকে বাঁকে ঘটনার বিবর্তন ঘটে বটে, তবে ভাগ্য তার সঙ্গ ত্যাগ করে না। তিন ভাই বোনের মধ্যে জুবাইদা খাতুন সর্বকনিষ্ঠ। বড় দুজন ভাই। মাত্র দু’বছর বয়সে জুবাইদা খাতুন মাতৃহারা হন। এখান থেকেই তার জীবনের একাকীত্বের শুরু। মায়ের স্নেহ কি তার জানা নেই। 

পিতা মোহাম্মদ হানিফ, সুফি দরবেশ। দেশ-দেশান্তর ঘুরে বেড়ান। শেষে আশ্রয় নেন মক্কা মদিনায়। মক্কায় ঘর সংসার পাতেন। দীর্ঘ এগার বছর আর দেশে ফেরেননি। সঙ্গে ছিল তার জ্যেষ্ঠ পুত্র বালক মোহাম্মদ  সিদ্দিক। সেখানেই লেখাপড়া করতেন। পিতা বিদ্বান ছিলেন। নানা ভাষায় পারদর্শী। কঠোর ধার্মিক। কিন্তু কোমল, উদার মনোবৃত্তির অধিকারী ছিলেন। মানবতার দিকে দৃষ্টি ছিল। স্বল্প ভাষী। ভক্ত সংখা ছিল প্রচুর। তবে তিনি পীর  ছিলেন না। ছিলেন না সংসারীও। বাড়ির অবস্থা ভাল। বিষয় সম্পত্তি যথেষ্ট। জমি বন্ধক দিয়ে টাকা পয়সা নিয়ে  বেরিয়ে পড়তেন।

বিরাট বাড়ি।  সূর্য দীঘল নয়। উত্তর দক্ষিণে প্রসারিত। বহু শরীকের বসবাস – একই বংশোদ্ভূত। জুবাইদা খাতুন বাড়িতে বিরাট আট চালা ঘরের একা বাসিন্দা। বাড়িতে লোকের অভাব নেই। কেউ না কেউ তার সঙ্গে  থাকতেন। তার উত্তরের ঘরের জেঠি, দক্ষিণের ঘরের জেঠি, পশ্চিমের ঘরের জেঠিরা খুবই স্নেহ করতেন। মাতৃহারা মেয়েটিকে স্নেহের ছায়া দিয়ে রাখতেন। খাবার দিতেন, নিরাপত্তার খেয়াল রাখতেন। বয়স তখন তাঁর পাঁচ বছর । ১৯১০ সালে তার জন্ম।

তখন ব্রিটিশ আমল। বাড়িতে লেখাপড়ার চর্চা ছিল। তবে মেয়েদের জন্য নয়। জুবাইদা খাতুন ঘুরে ঘুরে সব ঘরেই  লেখাপড়ার আশে পাশেই থাকতেন। তাদের বাদ দেয়া বই নাড়া চাড়া করতেন। তাতে তার পড়াশুনা আয়ত্তে এসে যায়। পরীক্ষা পাশ করা ছাড়াই সরস্বতি তাকে অনেক কৃপা করেন। ধাপে ধাপে সব ক্লাসের বই পড়া  শেষ  হয়। এমনকি ইংলিশ কবিতাও তার শুনে শুনে মুখস্থ ছিল। আলেকজান্ডারের ভারত আক্রমণ তার অনেকখানি মুখস্থ ছিল। 

সেই সময় আমার বড় মামা মোহাম্মদ সিদ্দিক বাড়িতে এসে আমার মা জুবাইদা খাতুনকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। মাদ্রাসাটি অনেক প্রাচীন কালের। বড় মামা ঘোড়ায় চড়ে তার ছোট বোনটিকে মাদ্রাসায় দিয়ে যেতেন,  আবার এসে নিয়ে যেতেন। তখন বাড়ি বাইরে গিয়ে বিদ্যার্জন মেয়েদের জন্য ছিল এক আশ্চর্য ঘটনা। এই ছিল  তার  প্রাতিষ্ঠানিক পড়াশুনা। কোরান পাঠ, গুঁলিস্তা, বুস্তা, পুস্তা এসব বই পড়াশুনা কিছুদিন করেছিলেন। ঘোড়ায়  চড়ে  মাদ্রাসায় পড়তে আসা তখনকার দিনে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল, বিশেষ করে অবরোধ বাসিনীদের  কাছে। মামা লাখনৌ চলে যাওয়ার পর পড়াশুনাও বন্ধ।  

তার কিছুদিন পর দূরদেশী দরবেশ পিতা বাড়িতে এলেন। তিনি ছিলেন উঁচা লম্বা গৌরবর্ণ এক সুন্দর   সুঠাম দেহের অধিকারী। গ্রামের লোকেরা মজাক করে বলতেন “কাবুলিওয়ালা”। এক পুণ্যময় নুরানী আলো যেন  তাকে ঘিরে রাখতো। দেশে ফিরে এসে তিনি জেষ্ঠ্য পুত্র মোহাম্মদ সিদ্দিকের বিবাহ দিলেন, আরেক পরিবারের সম্ভ্রান্ত  সুশ্রী দির্ঘাঙ্গী তরুণীর সঙ্গে। তাদের ছিল সৌন্দর্যের খ্যাতি। বিশেষ করে গাত্রবর্ণ ছিল তাদের বিশেষ   অহংকারের কারণ। চাকুরী নিয়ে মোহাম্মদ সিদ্দিক লক্ষ্ণৌতে পাড়ি জমালেন। সঙ্গে নিলেন ছোট ভাই মোহাম্মদ জাকারিয়াকে। সেখানকার মাদ্রাসায় তাকে ভর্তি করে দিলেন। তারও কিছুকাল পর ছোট বোন জুবাইদা খাতুনকে সঙ্গে করে নিয়ে গেলেন। 

এটা আমার মায়ের জীবনের আরেকটা বাঁক। এখানেও তিনি একা। ভাবী তার মাতৃহারা হৃদয়ে কোন স্নেহ  মমতার বারি সিঞ্চন করতে পারেননি। এখানে জুবাইদা খাতুনের কাজ ছিল বাচ্চার পরিচর্যা করা, ঘর গেরস্থালীর   কাজ করা। আরবী উর্দু পড়া এবং কথা বলা।

এই লখনৌ শহর ছিল ভারতের উত্তর প্রদেশের রাজধানী। অত্যন্ত অভিজাত শহর। তবে আজকের মত সুযোগ সুবিধা ছিলনা। যানবাহনের মধ্যে ছিল “ডুলি” পালকির সাধারণ সংস্করণ। সম্ভবত কাঠের তৈরি একটি  বাক্সের মত। চারদিক কপড় দিয়ে ঘেরা। দুই বেহারা কাঁধে করে নিয়ে যেত গন্তব্যে। আমাদের রিক্সার মত তারা সর্বত্র ঘুরে বেড়াতো। যার যখন দরকার ডেকে নিত – “এ ডোলি ওয়ালা ইধার আও”। ডুলিতে চড়ে চলে যেতেন বেড়াতে, হাসপাতালে অর্থাৎ যেখানে ইচ্ছা সেখানে। জুবাইদা খাতুনের কাজ ছিল নিয়মিত তার ভাবী সাহেবার জন্য ডুলি ডেকে আনা।

সেই সময় সেই শহরে হাজী আমীর আলী নামে একজন বিখ্যাত পীর সাহেব বাস করতেন। তিনি অত্যান্ত  নেক এবং পরহেজগার ব্যক্তি ছিলেন। আমার বড় মামা হাফেজ ক্বারী মৌলানা মুহাম্মদ সিদ্দিক সাহেব তাঁর একজন  বিশেষ ভক্ত এবং বন্ধু ছিলেন। কথিত আছে পীর সাহেব বিছানার গদি উঠালেই অনেক টাকা বের হতো। তিনি  দয়ালু ছিলেন। নির্ধনকে দান করতেন। তার বাড়িতে অন্দরে কোন রান্নাবান্না হতনা। পাক হত দহলিজে। সেখানে বহুত উমদাহ্‌ খানা তৈয়ার হত। বাড়ির ভেতরের জেনানাগণ এবং অন্য সকলে সেই খানা গ্রহন করতেন। আমার মাতা জুবাইদা খাতুন সেই সময় বালিকা ছিলেন। বড় মামি প্রায়ই সেই বাড়িতে তশরিফ নিতেন। ডুলিতে চড়েই  যাতায়াত। সঙ্গে যেতেন জুবাইদা খাতুন বাচ্চা মেয়ে নূরীকে দেখভাল করবার জন্য।

বড় মামার পাশের বাসার একটি মেয়ের সঙ্গে জুবাইদা খাতুনের পরিচয় হয়। নাম তার রাসুলান। সম বয়সী হলেও একটু বড়। এই ছোট মেয়েটিকে এত কাজকর্ম করতে দেখে তার মায়া হয়। সে বলতো এত কাজ কর কেন?  তোমার ভাবিতো সারাদিন ঘুরে বেড়ান। তুমি ছোট, এত কাজ কর, বাচ্চা সামলাও। তিনি যেমন তোমার ভাই সাহেবের বিবি, তুমিও তো তার বোন। কম কিসে? দেখ আমার কোন কাজ নেই। আমার মা-ই সব করেন। জুবাইদা খাতুনের চোখ ছল ছল করে ওঠে। বুকের ভিতরটা হাহাকার করে। মুখে বলতেন আমার অভ্যাস  হয়ে গেছে। তাছাড়া এ বাচ্চা মেয়েটিও আমার খুব প্রিয়। সে আমাকেই বেশি পছন্দ করে। আর ঘরের কাজ কর্ম তো করতেই হবে।

জুবাইদা খাতুন ঘর সংসার গুছিয়ে রাখতেন। নিজের পড়াশুনা করতেন। তাদের বাড়ির নীচের তলায় ছিল বাজার, দোকানপাট। উপর থেকেই বাজার করতেন। এক আনায় অনেক কিছুই ক্রয় করা যেত। তাছাড়া আসতো ফেরিওয়ালা। তাজা হারে আমরুদ, (পেয়ারা) তাজা হারে আমরুদ বলে হাঁক দিত। এক পয়সায় অনেক পেয়ারা  দিয়ে যেত। হারা মিরিচ (কাচা মরিচ), শাক সবজি, আঙ্গু্‌র, সেভ (আপেল), কিসমিস, মনাক্কা, নানা প্রকার মসলা  দিয়ে যেত। চার আনার বাজারে বাড়ি ভরে যেত এমনকি মিঠাই মন্ডা সহ।  

আমার ছোট মামু মাদ্রাসা থেকে ফিরে এলে তার ছোট বোন জুবাইদা খাতুন নিচে গিয়ে দরজা খুলে দিয়ে আসতেন। একটি ঠিকা মেয়ে বাসার কাজ করে দিয়ে যেত। কোনদিন আসতে দেরি হলে এই জুবাইদা ছাদের উপরে গিয়ে তাকে চিৎকার করে ডেকে আনতেন। তার নাম ছিল মান্নু কি আম্মি। তিনি ডাকতেন, এ মান্নুকি আম্মি, জলদি আও। দের হো রাহা হ্যায়। সম্ভবতঃ তাদের বাসস্থান ইনাদের বাসস্থানের নিকটবর্তী ছিল। সেই মেয়েটি এসে ভারি ভারি কাজ করে দিয়ে যেত।

এক রাতে মহল্লায় চোর হানা দেয়। গভীর রাতে চোর আসে রাস্তার ওপারের বাসায়। তখন রাস্তার মোড়ে মোড়ে বাতিওয়ালা সন্ধ্যায় বাতি জ্বালিয়ে দিয়ে যেত। সকালে এসে বন্ধ করে দিত। সে আলো কতই বা উজ্জ্বল ছিল। তবুও তো আলো। আজকের দিনের সাথে তার কোন তুলনা চলেনা। সেই বাড়ির গৃহকর্তা বাড়িতে ছিলেন কিনা জানিনা। তবে গৃহকর্ত্রী উচ্চস্বরে চিৎকার করে বললেন, মহল্লা ওয়ালা জাগো, হামারা ঘর মে চোর আয়া।   কেউ এলোনা। শেষে ডাকলেন, ক্বারী সাহাব জাগো, ক্বারী সাহাব জাগো। হাম মুশকিল মে হ্যায়। তখন আমার   বড় মামা সাড়া দিলেন। তিনি দু’নলা বন্দুকটি বারান্দা থেকে তাক করে চোরকে গর্জন কোরে ধমক দিলেন। চোর  ততক্ষন পর্যন্ত অপেক্ষা করছিলো। কোনো সাহায্যকারী না এলে সে ঘরের জিনিসপত্র নিয়ে যাবে। বড় মামুর ধমক খেয়ে এবং বন্দুক দেখে লোকটি লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। মামা সেই মহিলাকে উদ্দেশ্য করে বললেন,  দরজা বন্ধ রাখেন। আবার যদি আসে তবে আমাকে ডাকবেন। এইভাবে তিনি তস্করের হাত থেকে সেই ভদ্রমহিলাকে রক্ষা করেন।

সেই সময় লখনৌকে আমার আম্মারা হিন্দুস্থান বলতেন। তখন বাংলাদেশও ভারতের অন্তর্গত ছিল। লখনৌ ছিল অনেক দূরের রাস্তা। আম্মার ভষায় তিন দিন তিন রাত থাকতে হতো ট্রেনে। আমার বড় মামা মোঃ  সিদ্দিক একটি কামরা রিজার্ভ করে নিতেন। উনার নিজের পরিবার, ছোট মামা জাকারিয়া, আম্মা জুবাইদা খাতুন। আমাদের এলাকার আরো কয়েকজনকে লখনৌ মাদ্রাসাতে ভর্তি করে দিয়েছিলেন। তাদেরকে সঙ্গে নিয়ে যাতায়াত করতেন। ট্রেনের কামরার চাবি বড় মামুর হাতেই থাকতো। ট্রেনে যেতে যেতে অনেক দৃশ্য অবলোকন করতেন। পাকশী ব্রিজ বিরাট রেল সেতু অতিক্রম করা, গুম গুম শব্দ অনুভব করা বড় রোমাঞ্চকর মনে হত। কোথাও ট্রেনটি একটি বিশাল মাছের পাজরের দুই পাশের কাঁটার ভিতর দিয়ে চলে যেত। এত বিরাট মাছের কাঁটা, না জানি কত  বিরাট মাছ ছিল সেটি। এটিও পুলক অনুভব করবার মত ঘটনা। এখন আর সে সবের চিহ্নও নেই। কেউ জানেও  না। ট্রেনে যেতে যেতে নানান প্রাকৃতিক দৃশ্য, নানান জনপদ , নানা প্রকার বেশ ভূষা, জীবন যাত্রার ধরণ, ভাষা  চেহারা দেখতে দেখতে অবশেষে সবুজ শ্যামল বাংলা এলাকা ছেড়ে রুক্ষ ধূসর দেশে উত্তর প্রদেশে গিয়ে  পৌঁছাতেন। গার্ড এসে চাবি নিয়ে যেতেন। মামারা অবতরণ করে গন্তব্যে পৌঁছে যেতেন। জুবাইদা খতুন ঘর সংসারের কাজ করতেন, পড়াশুনা করতেন এবং মামার মেয়েদের ছবক দিতেন। বড়মামার পড়াশুনার প্রতি খুব আগ্রহ ছিল। তিনি পড়াশুনার জন্য জুবাইদা খাতুন এবং তার মেয়েদের খুব উৎসাহ দিতেন। আমার আম্মা জুবাইদা খাতুন বিদুষী মহিলা ছিলেন। মজার বিষয় ছিল তিনি লিখতে জানতেন না। প্রচুর পড়াশুনা করতেন বাংলায় যেমন, উর্দুতে তেমন। আর হাদিস কোরান তো কথাই ছিলনা। আমরা ছোট বেলায় দেখেছি অবসর সময়ে মানচিত্র ছিল তার সঙ্গী। পৃথিবীর সব সাগর, মহাসাগর, মহাদেশ, দেশ, রেলপথ, নৌপথ, আকাশপথ, কোথা হতে কোন গন্তব্যে পৌঁছায় সব ছিল তার নখদর্পণে। কোন কিছু জানতে চাইলে পরম যত্নের সঙ্গে আমাদের তা বুঝিয়ে দিতেন। শিল্প  সাহিত্য সম্বন্ধে তার জ্ঞান ছিল প্রচুর। নবী কাহিনী, আসমানী  কিতাব, তাদের শানে নজুল তাঁর মুখস্থ ছিল। যত পুঁথি ছিল তাঁর কন্ঠস্থ এবং সুরেলা কন্ঠে তা পাঠ করতে পারতেন। ইংরেজী পড়তে পারতেন না তবে অনেক গল্প জানতেন শেক্সপীয়রের। প্রাতিষ্ঠানিক বিদ্যা না থাকলেও তিনি একজন স্বশিক্ষিত এবং সুশিক্ষিত মহিলা ছিলেন। আমাদের গ্রামে আজ পর্যন্ত তার সমকক্ষ আর কেউ নেই। যদিও মেয়েরা বি.এ. পাশ করছে। তবুও তাঁর তুলনা  তিনি নিজেই। 

লখনৌতে থাকতে থাকতে তার বয়স বেড়ে যায় ১৩/১৪ তে। তখনকার বিধান অনুযায়ী বিবাহের বয়স। সুতরাং কোন ছুটীতে মামারা বাড়ি এসে তার বিবাহের ব্যবস্থা করে ফেলেন। আমাদের গ্রামের এক গ্রাম পরেই দক্ষিণে নিঘুরকান্দা গ্রাম। দুই ক্রোশ হয়তবা হবে। আমাদের গ্রামের নাম হরিরামপুর। আমার পিতা আব্দুস সোবহান বিশ্বাস ১৯১৯ সালে এনট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ছাত্র ছিলেন তুখোড়। তিনি গল্প করতেন, প্রথম বিশ্ব যুদ্ধের পর যখন  ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়, তখন ম্যাট্রিক পাশ করেছিলেন। তাদের সময় মিডিয়াম অব ইন্সট্রাকশন ছিল ইংলিশ। পরীক্ষায় ভালভাবে পাশ করার দরুণ দূর দূরান্ত হতে লোকেরা তাকে দেখতে আসেন। তিনি ছিলেন এক অদম্য এবং নির্ভিক পুরুষ। তাঁর শিশু কালেই পিতৃবিয়োগ হয়। তাঁর মায়ের সহায়তায়, নিজের অসম সাহসে এগিয়ে যান। আর্থিক অনটনে কলেজের লেখাপড়া ত্যাগ করতে বাধ্য হন। কারো পরামর্শ ছাড়াই, নিজের সাহসে ভর করে গিয়েছিলেন মুক্তাগাছা এলাকার প্রবল পরাক্রমশালী জমিদার রাজা জগৎ কিশোরের নিকট। তিনি তরুণের বক্তব্য  শুনে মন্তব্য করলেন, Look, higher education is not for the poor. জমিজমা যা আছে দেখেশুনে চালাও, তাতেই চলে যাবে।  বিফল মনোরথ হয়ে পিতা আমার ফিরে এলেন। ঘুষের চাকুরী করবেন না বলে দারোগার চাকুরী  প্রত্যাখ্যান করলেন। সাব রেজিস্ট্রারের চাকুরিও নিলেন না। শেষে নান্দিনা স্কুলের টিচার হিসেবে যোগ দেন। তার বিষয় ছিল অংক আর ইংলিশ। এই স্কুল প্রতিষ্ঠায় নলিনী মোহন দাস (মাখন বাবু), রিয়াজ মাস্টার, জয়েন মৌলবি সাহেবদের সঙ্গে তারও অবদান ছিল। এই স্কুল অল্প সময়ের মধ্যেই একটি বিখ্যাত স্কুল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এর সব কৃতিত্ব শিক্ষকদের। এই নান্দিনা স্কুলেই আমাদের সব ভাইয়েরা লেখাপড়া করেন। তখনকার দিনে ১৯৪৩ সালে আমার জ্যেষ্ঠ ভ্রাতা নাজির আহমেদ undivided বেঙ্গলের শিক্ষা বোর্ডে এন্ট্রান্স পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেন। পরবর্তীতে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে, পরে কলকাতা ও ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তারী পাশ করেন। পরে ইংল্যান্ড থেকে এফ এফ এ তার সি এস পাশ করেন, কম সময়ে কৃতিত্বের সঙ্গে। 

বিবাহের সময় আমার আম্মা কিশোরী মাত্র। মা নেই। বাবা বিদেশে বসবাস করেন। একা একা আমাদের বাড়িতে একটি সংসারের দায়িত্ব গ্রহন করেন। শাশুড়ি রায় বাঘিনী। তবে ননদিনী অন্যান্যরা বড়ই স্নেহের চক্ষে দেখতেন। আমার মা বড়ই ধৈর্য্যশীলা সহিষ্ণু রমণী ছিলেন। তিনি বাড়িতেই থাকতেন বিরাট আটচালা ঘরে একাই  থাকতেন। আমার এখন মনে আছে ঘরের উপরের কাঠের পাড়ে বড় করে খোদাই করে লেখা ছিল ১৩৩০ সাল। আম্মা ভয়ে ভয়ে একাই থাকতেন। তার কষ্টের কথা বলার জায়গা ছিলোনা। বাবা ছিলেন রাগী মানুষ, তাকেও কিছু বলার উপায় ছিলনা। যাই হোক। সংসার বড় হলো। এই প্রথম তিনি তাঁর প্রথম সন্তানকে নিজের মত করে পেলেন। সম্পূর্ণ নিজের কেউ। তাকে লালন পালন করা, শয়নে স্বপনে বুকের কাছে রাখা, অক্ষর জ্ঞান দান করা সব কিছুই নিজের মত করলেন। কয়েক বছর পর তাকে ছাড়তে হলো। ভর্তি করা হলো নন্দিনা স্কুলে।  ছাড়তে খুব কষ্ট হতো। তিনিও তাকে ছেড়ে যেতে চাইতেন না। আম্মা লুকিয়ে তাকে একটি টাকা দিতেন। বুঝিয়ে সুঝিয়ে স্কুলে পাঠাতেন। তিনি ছিলেন দূরন্ত প্রকৃতির ছেলে। অত্যন্ত মেধাবী। নতুন বই কয়েক দিনে মুখস্থ করে    ছিড়ে বাতাসে উড়িয়ে দিতেন। বলতেন আমার সব মুখস্থ। বই নিয়ে স্কুলে যাওয়ার প্রয়োজন কি? অংকও তার  নখদর্পণে ছিল।

সে প্রসঙ্গ থাক এখন মায়ের প্রসঙ্গ বলি। মা তখন পরবর্তী সন্তানকে নিয়ে ব্যস্ত হতেন। এইভাবে তিনটি  ভাইয়ের পর আমার জন্ম। বাড়িতে আনন্দের জোয়ার এলো। হাঁটি হাঁটি পা পা যখন আমার মা আমার হাতে শিশুতোষ বই তুলে দিলেন। বইটির নাম “কমল কলি”। শেখালেন অসংখ্য ছড়া, ছড়া গান, কবিতা। ভোর হল দোর  খোলো, খুকু মণি উঠরে.....। গাছে বসে ডাকে পাখি উঠ, উঠ, উঠ বলে, নয়ন মেলরে শিশু জয় জগদীশ বলে।  আরো অনেক কবিতা শুনিয়ে ঘুম ভাঙ্গাতেন। আমার বাবা আমার বড় ভাইদের জন্মের পর গ্রামে একটি মক্তব (প্রাইমারী স্কুল) প্রতিষ্ঠা করেন। সেটি আজও বর্তমান আছে। সেই স্কুলেই আমাদের সকলের হাতে খড়ি। সেখান থেকে আমরা একে একে বেরিয়ে এসে শহরের হোস্টেলে থেকে পড়াশুনা করে, প্রত্যেকে উচ্চ শিক্ষা অর্জন করি। একদিন রাতে আমরা যখন ঘুমে, বাবা মাকে বললেন, ফিরোজার ভর্তির ব্যাবস্থা করে এসেছি। বিদ্যাময়ী গার্লস  স্কুলে। আগামী সকালে তাকে নিয়ে যাবো। তাকে তৈরি করে দাও। ৬ টি ব্লাউজ, ৬ টি শাড়ি, ৬ টি পেটিকোট ইত্যাদি খুটিনাটি, সব কিছু লেখা একটি প্রোসপেক্টাস আম্মার হাতে দিলেন। আমার চোখের ঘুম উধাও। আমি মাকে ছেড়ে কি করে থাকবো? আমার প্রিয় বন্ধুরা, প্রিয় পেয়ারা গাছ, কুল গাছের আগডালে মগডালে চড়া, সারাদিন টো টো করে গ্রাম শুদ্ধ ঘুরে বেড়ানো, এসবের কি হবে? আমি সেখানে হোস্টেলে থাকতে পারবোনা। কিন্তু আমার প্রচন্ড রাগী বাবার সঙ্গে এমন কথা বলা অসম্ভব। সুতরাং এক বুক কান্না নিয়ে পরদিন প্রত্যুষে বাড়ি হতে বের হয়ে গেলাম। সব গুছিয়ে দিলেন আম্মা, হাতে দিলেন একটি টাকা।

তখনকার দিনে গ্রামাঞ্চলে যানবাহন ছিলনা। ছিল দুই বেহারার ডুলি। তাতে চড়ে ধলা রেল স্টেশনে  পৌঁছালাম। কারণ ঐ বয়সে পদব্রজে ৫ মাইল পথ অতিক্রম করা সম্ভব ছিলনা। আম্মা এদিকে রিক্ত হলেন। সারাদিনের শতকাজের মধ্যেও তাঁর চোখের জল শুকায় না। কয়েক বছর পর আমার বাবা আমার কনিষ্ঠ ভ্রাতা আজিজ আহমেদকে নান্দিনা স্কুলে ভর্তি করে দিলেন। আমার মা এবার সম্পুর্ণ শুন্যতার মধ্যে পড়ে গেলেন। তার  শৈশবের একাকীত্ব আবার তার কাছে ফিরে এলো। সপ্তাহান্তে একটি চিঠির অপেক্ষায় থাকতেন তিনি। বড় ভাইয়েরা তখন স্কুল কলেজের গন্ডি পেরিয়ে অনেক দূরে। কেউ প্রেসিডেন্সি কলেজে, কলকাতা মেডিকেল কলেজে, কেউ অন্যান্য কলেজে ভর্তি হয়ে পুরোদমে লেখাপড়া করছে। ছুটিতে আমরা বাড়িতে এলে মায়ের খুব আনন্দ হত। খুব যত্ন করতেন আমাদেরকে, যেন অতিথি, মেহমান! 

একবার শীতের সময় বার্ষিক পরীক্ষার পর বাড়ি এসে দেখি তিনি ভয়ানক অসুস্থ। তার শ্বাস কষ্ট অ্যাজমা হয়েছে। ব্রংকিয়াল অ্যাজমা। শ্বাস প্রশ্বাসের কষ্ট যে এত ভয়ংকর হতে পারে, তা কল্পনার বাইরে ছিল। একটি দম শেষ হতে না হতেই আরেকটি দম এসে শ্বাস টেনে ধরে। উপর্যুপরি শ্বাস টানার ফলে ব্যক্তিটি হাঁপিয়ে ওঠেন। সেজন্য হয়ত এর আরেক নাম হাঁপানি রোগ। আমার মায়ের এহেন কষ্ট দেখে আমি হতবাক হয়ে গেলাম। এতই কষ্ট যে কথা বলারও সময় দেয় না। এই অ্যাজমা রোগ বাকি জীবনের সঙ্গী হয়ে রইল। তিনি কিছুটা সুস্থ হলেন। আমার ছুটীও শেষ হল। আমরা একে একে বাড়ি থেকে যার যার হোস্টেলে চলে গেলাম। উনার একাকীত্বের সঙ্গী হয়ে রয়ে গেল ঐ ভয়ানক ব্যাধি। জীবনের বাকি ত্রিশটি বছর তিনি এই নিষ্ঠুর ব্যাধির সঙ্গে লড়াই করে জীবন কাটিয়েছেন। আমরা কেউ তাকে সঙ্গ দিতে পারিনি। তিনি কাউকে তার সঙ্গে থাকার জন্য অনুরোধ বা জোর করেননি। কত ঝড় ঝঞ্ঝা, কত গ্রীষ্ম, কত বর্ষা একা ঘরে একাকী অবস্থায় দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী অতিক্রম   করেছেন। যতক্ষণ ভাল থেকেছেন, ততক্ষণ সংসারের কাজে নিজেকে বিলিয়ে দিয়েছেন। 

আমার মা জুবাইদা খাতুন পরম দয়ালু ছিলেন। মানুষের কষ্ট দূর করার চেষ্টা করতেন। বিশেষ করে খাবার  দিয়ে খুব সাহায্য করতেন। কেউ অভুক্ত দরজায় এসেছে তাকে ফিরাতেন না। “মাফ কর” কখনও বলেননি। খাদ্য দিয়ে, চাউল দিয়ে, টাকা দিয়ে সাধ্যমত সাহায্য করতেন। তার হাতের রান্না ছিল উৎকৃষ্ট। অনেকেই অসুস্থ হলে উনার হাতের রান্না করা বিশেষ খাবারের আবদার করে পাঠাতেন। আমার মা সঙ্গে সঙ্গে তার ব্যাবস্থা করে পাঠিয়ে দিতেন। তারা বলতেন, তোমার মায়ের হাতের রান্না যে খেয়েছে তার জীবন সার্থক।

বাড়িতে মাহে নাও, সওগাত, মাসিক মোহাম্মদী ম্যাগাজিন আসতো। আমার বাবা, ভাইয়েরা বাড়িতে  আসার সময় খবরের কাগজ নিয়ে আসতেন। সেগুলো তিনি পুংখানুপুংখ রূপে পড়তেন এবং সংরক্ষণ করতেন।  সেজন্য সমসাময়িক পৃথিবীতে কোথায় কি ঘটছে সব জানতেন। তিনি প্রথম ও দ্বিতীয় বিশ্ব যুদ্ধ দেখেছেন, খবর রেখেছেন। উনার নিকট থেকে পরবর্তী কালে আমরা এসব যুদ্ধের অনেক তথ্য জানতে পারি। জাপানীদের রেঙ্গুন আক্রমনের পুরো ঘটনা তার কাছ থেকেই শুনেছি। ইতিহাসে যা পড়েছি তার চেয়েও বেশী। কারণ আমার ছোট মামু মোহাম্মদ জাকারিয়া তখন রেঙ্গুনে চাকুরী করতেন। আক্রমনের সময় বাংকারে চলে যান। পরে সেখান থেকে বের হয়ে ৯ দিন ৯ রাত আসামের জঙ্গলের ভিতরে হেঁটে সিলেটের সীমান্তে এসে পৌঁছান।

জুবাইদা খাতুন মুগলদের ইতিহাস পড়তেন। নবাব সিরাজুদ্দৌলার কথা, পলাশীর প্রান্তরে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কথা সব যুদ্ধের গল্প আমাদেরকে বলতেন। ধর্মের সকল পুস্তক তার কন্ঠস্থ ছিল। কোরান হাদিসের কথা মনে প্রাণে বিশ্বাস করতেন। পুঁথি সাহিত্যে তার দখল ছিল। সুন্দর সুললিত কণ্ঠে পুঁথি পাঠ করতেন। গ্রামে তাকে সকলেই ভালবাসতো। মেয়েরা যে কোন সমস্যা নিয়ে সর্বদা তার কাছে আসতেন। ধর্মীয় পরামর্শ ও শিক্ষা তার কাছ হতেই নিতেন। আমার মায়ের রাগ ছিলনা। ছিলনা কারো বিরুদ্ধে বিদ্বেষ। তিনি ছিলেন সহনশীলতার প্রতীক। একটি আলোর প্রদীপ। যে আলো মানুষকে পথ দেখায়, দহন করেনা। পরবর্তীতে রেডিও আসার পর নিয়মিত খবর শুনতেন। তিনি গ্রামের মেয়েদের পথ প্রদর্শক ছিলেন।

আমার পিতা অত্যন্ত প্রতাপশালী এবং দাপটের লোক ছিলেন। সমাজ সেবা তার জীবনের আদর্শ। আজকালকার যুগে যেমন স্বামী স্ত্রীরা একসঙ্গে পরামর্শ করে ঘর-সংসার পরিচালনা করেন, সে যুগে তেমনটি ছিলনা। তখন গৃহকর্তা ছিলেন সকলেরই গার্জিয়ান। তার নাম হুকুম আর বাকীদের নাম তামিল। এই হুকুমের  নড়চড় নেই। সেই কারণেই আমার পরিশিলিত হৃদয়বান, সংস্কৃতিবান মাতা জুবাইদা খাতুন নিঃসঙ্গ ছিলেন। বই –পত্র পত্রিকা, কবিতা, ছড়া, গজল, এসবকে সঙ্গী করে নিমগ্ন থাকতেন। অবসর সময়ে আলস্যে ব্যয় করতেন না।  তবে তার কোন আফসোস ছিলনা। একাকীত্বের মাঝেও তিনি পূর্ণতা লাভ করেছেন বইয়ের মধ্যে। কারো বিরুদ্ধে অভিযোগ নেই। অনুযোগ নেই। পিতা আব্দুস সোবহান বিশ্বাস রাগী হলেও আমার মায়ের উপর ছিল অগাধ বিশ্বাস আর পরম নির্ভরতা। কোন সিদ্ধান্ত নেবার আগে মাকে জানাতেন। লেখাপড়া শেষে আমরা দেশে-বিদেশে ছড়িয়ে পড়লাম। পিতা অবসর নিলেন। বাড়িতে এলেন। ধর্ম-কর্ম, সমাজসেবায় আরো মনোযোগী হলেন। মাতা ঘর-সংসার আর শ্বাস কষ্টকে সঙ্গী করে চলতে লাগলেন। সবকিছুই একদিন শেষ হয়। তাই তিনিও ১৯৮২ সালের ২৬ শে জুলাই সকল মমতার বন্ধন ছিন্ন করে জান্নাতবাসী হলেন।

মা শব্দটি কত না মধুর। কতই না সুন্দর। অনেক ভাষায় আমার জানামতে, মা শব্দের সঙ্গে ‘ম’ শব্দটি জড়িত এবং ‘ম’ তেই মধু। মাতা একটি পরিবারের পত্তন। পরিবারের কেন্দ্রবিন্দু। সন্তানের জননী। সন্তানের চাইতে প্রিয় ধনসম্পদ মায়ের কাছে আর কিছুই নেই। দিবা রাত্রি অষ্টপ্রহর মা বক্ষে জড়িয়ে তার সন্তানের সেবা –যত্ন আর নিরাপত্তা রক্ষা করে থাকেন। তার লেখাপড়ার হাতেখড়ি থেকে শুরু করে মানুষের মত মানুষ করবার প্রয়াসে নিয়োজিত থাকেন। আমাদের মা আমাদেরকে সৎ এবং সুশীল মানুষ হবার দীক্ষা দিয়েছেন। পরম সতর্কতার সঙ্গে আমাদের মানসিক বিকাশের পথ সুগম করে দিয়েছেন। তাই তাঁর সন্তানেরা আজ নিজের নিজের জীবনে সুপ্রতিষ্ঠিত। পরের জন্য তাদের হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করেছেন। এমন মায়ের সন্তান হয়ে আমরা গর্বিত। সার্থক জনম মাগো জন্মেছি তোমার কোলে। তোমার আত্মা পরম শান্তি লাভ করুক অনন্তকাল – এই প্রার্থনা আমার। 

...........

Sunday, March 15, 2026

স্মৃতিচারণমূলক- আমার বাবার কথা


 বিশ শতকের গোড়ার কথা। গ্রাম বাংলা গভীর তমশায় আচ্ছন্ন। বিশেষ করে ত্রিশাল থানার হরিরামপুর এলাকা। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন এক প্রত্যন্ত পল্লী অঞ্চল। শিক্ষা দীক্ষার অভাব, এক নিরক্ষর জনপদ। সাদা পুস্তকের ভিতর কালো অক্ষর কি বলে, তা তাদের চিন্তার বাইরে। তবে কেউ কেউ আরবী অক্ষর চেনেন। মসজিদে ইমামতি করেন।  

আমাদের এ অঞ্চল যখন গভীর আঁধারে ঢাকা, কালো অন্ধকার চাদরে জনপদ আবৃত, কোথাও কোন আলোর চিহ্ন নেই, সেই সময় হয়তো দূর দিগন্তের ওপার হতে একটি নক্ষত্রের আলো ভেসে আসে। এবং সেটি উজ্জ্বলতর হতে হতে আমাদের হরিরামপুর গ্রামে এসে পতিত হয়। আমার পিতা জন্ম লাভ করেন। সেই নক্ষত্রের দেশ থেকে অবতরণ করে, এই মাটির পৃথিবীর এক কোণে দীপ্তিমান আলোর বিচ্ছুরণ ঘটান। সেটি ছিল ১৮৯৯ সাল। তিনি ছিলেন ‘স্টার চাইল্ড’ –বিধাতার বর প্রাপ্ত। যিনি সুদূর আকাশ থেকে একটি আলোর প্রদীপ এনে পরবর্তীকালে আমাদের অঞ্চলকে আলোয় উদ্ভাসিত করেছেন। 

জন্মের তৃতীয় বছরেই তিনি পিতাকে হারান। তাই পিতার ছত্রচ্ছায়া কি, অভিভাবক কি তা তার জানা ছিল না। একমাত্র মা তার সবকিছু। মাতা ছিলেন অত্যন্ত প্রখর বুদ্ধিমতী এবং দৃঢ় চিত্তের মহিলা। তিনি একাই তার পথপ্রদর্শক। চার পুত্র আর দুই কন্যা নিয়ে তার জীবন পরিক্রমা। 

আমার বাবার শিশুকাল। শৈশবের আনন্দ তার ধরা ছোঁয়ার বাইরে ছিল। বাড়ির আঙ্গিনায় অন্য শিশুদের সঙ্গে  বিকেলে একটু খেলাধুলা করতেন। বাড়ির পাশের রাস্তা দিয়ে হিন্দু ছেলেরা যাতায়াত করতো। বালক অবাক হয়ে মা কে শুধায়, 

- এরা ধুতী ফতোয়া পরে হাতে স্লেট পেন্সিল নিয়ে কোথায় যায় মা?  

মা বলেন, ওরা পাঠশালায় যায়।

- পাঠশালা কি, মা?

- পাঠশালায় ওরা লেখাপড়া করে। 

- আমিও যাব। আমিও লেখাপড়া করবো। 

- না, ওরা  হিন্দু। ওদের পড়া আমাদের পড়া এক নয়। আমাদের পড়া মক্তবে। ঐ যে জুমার ঘরের পাশে ছনের ছাউনি দেওয়া ঘরখানি, ওটাতে তুমি পড়তে যাবে, আরেকটু বড় হয়ে। 

বালক বলে, না মা, ওখানে আমি যাব না। হিন্দুদের পাঠশালায় যাব। মা বললেন, তোমার নাম আব্দুস সোবাহান, তোমাকে ওরা নেবে না। ওদের পড়া বাঙলা। ছেলের পীড়াপীড়িতে মা অতিষ্ঠ হয়ে তাকে মক্তবে নিয়ে যান। মৌলবী সাহেব নাম লিখে নিলেন। শুরু হলো পাঠ দান। প্রথম পুস্তকের নাম ‘কায়েদা’। আরবী অক্ষর পরিচয় এবং পাঠ শিক্ষা। অল্প দিনেই তার কায়দা পড়া শেষ। তারপর শুরু হলো, শিক্ষা কোরান তেলাওয়াৎ। তাও শেখা শেষ। তখনকার দিনে একটি ঘরে সব বিষয় পড়ানো হতো।  লেখার রীতি ছিল না। ক্লাশরুম ছিল না।

এবার কি পড়বে? অস্থির মতি বালককে নিয়ে মা পড়লেন বিপাকে। তিনি তার জ্যেষ্ঠ পুত্রদের পরামর্শ চাইলেন। তারা একবাক্যে সব উড়িয়ে দিয়ে বাস্তবে পদার্পণ করার উপদেশ দিলেন। ওসব ঝামেলা বাড়িয়ে কাজ নেই। বাংলা পড়ার প্রয়োজন কি। আমরা তো লেখাপড়া শিখি নাই। তাতে তো ক্ষতি দেখি না। তোমার ছোট ছেলের অদ্ভুত চিন্তা ভাবনা মাথা থেকে নামাও। ওকে সময় মতো কাজে লাগাও। নয়তো উচ্ছন্নে যাবে।  ওর মতিগতি বড়ই অস্থির। আমাদের মতো নয়। সত্যিই তিনি অস্থির চিত্তের অধিকারী ছিলেন। ছিলেন নির্ভীক প্রকৃতির। একাই শিশুকালে বড় চিন্তা করতে পারতেন। ছোট হলেও তার সিদ্ধান্ত তিনি নিজেই নিতেন। তাকে সাহস দেবার, পথ দেখাবার কেউ ছিল না। মা শিরে হাত দিয়ে ভাবতে থাকেন। একদিকে মাতৃস্নেহ, অন্যদিকে বাস্তবতা। বড় কঠিন সমস্যা। একদিন ছেলের হাত ধরে একটি শাড়ি চাদরের মতো ভাঁজ করে গায়ে জড়িয়ে ছোট্ট নদীটির সাঁকো পার হয়ে চলে গেলেন ওপারের পাঠশালায়। শিক্ষক গিরিশ বাবু। ভ্রু কুঁচকে অবাক চোখে তাকালেন, 

- কি চাই বিবি? 

তখনকার দিনের সম্ভ্রান্ত মুসলমান মহিলাদেরকে বিবি বলে সম্বোধন করা হতো। তিনি তার পুত্রের পড়ালেখার   প্রতি আগ্রহের কথা ব্যক্ত করলেন। গিরিশ বাবু বিস্মিত হলেন। বললেন, পারবে?

তিনি বললেন, পারবে না কেন? মক্তবের পড়া শেষ করতে তার একবছরও লাগেনি। যেখানে অন্য ছেলেরা বছরের পর বছর ধরে পড়ছে। 

মাস্টার মশাই বললেন, ঠিক আছে কাল নিয়ে আসেন। পরের দিন আমার সাহসী দাদী তার দুঃসাহসী পুত্রকে নিয়ে স্কুলে গেলেন। মাস্টার মশাই বললেন, ধুতি, ফতোয়া লাগবে। আর লাগবে শ্লেট পেন্সিল, বাংলা আদর্শ লিপি বই। এতসব জিনিসপত্র জোগাড়  করা সহজ ছিল না সেই সময়ে। আমার বাবার সেই থেকেই শুরু হলো সংগ্রাম। উৎসাহ উদ্দীপনা নিয়ে তিনি ঘোড়ার গতিতে এগিয়ে যেতে লাগলেন। কিন্তু বাধ সাধলো পাঠশলার ছেলেরা। একমাত্র মুসলমান ছেলে তাদের মাঝে পেয়ে কৌতুক বোধ করতে লাগলো। তাকে তারা উত্যক্ত করতে লাগলো। একদিন তিনি সতীর্থদের বাক্যবাণ সহ্য করতে না পেরে একজনকে চড় মেরে বসলেন। গিরিশ বাবু রেগে গিয়ে অগ্নিমূর্তি ধারণ করলেন। তিনি নতুন ছাত্রকে হাতের কঞ্চি দিয়ে আঘাত করলেন। ছোট হলেও নতুন ছাত্রের ছিল প্রচন্ড রাগ। তিনি অপমানিত বোধ করলেন। কাঁদতে কাঁদতে গড়াগড়ি খেতে খেতে বাড়ির দিকে আসতে লাগলেন। গাঁয়ের লোকেরা খবর পৌঁছালো আমার দাদীর কাছে।  তিনি ছুটে গেলেন। সাঁকোর ওপার হতে পুত্রকে কোলে তুলে নিয়ে বাড়িতে এলেন। তার খুব জ্বর হলো। কবিরাজ ডাকা হলো। সে সময়ে কবিরাজের ফি ছিল সোয়া পাঁচ আনা। এরমধ্যে গিরিশ বাবু বাড়িতে এলেন। জানতে চাইলেন ছাত্র স্কুলে যায় না কেন। আমার দাদী গিরিশ বাবুর ব্যবহারে মর্মাহত ছিলেন। বললেন, 

- আপনি শিক্ষিত বয়স্ক মানুষ। আমার এতটুকু ছেলের গায়ে হাত তুললেন?  স্কুলের একটিমাত্র ঘরের ভেতরে গত একমাসে প্রতিদিন আমার ছেলেকে অপমান করা হচ্ছে। আপনি তা লক্ষ্য করেন নি। লক্ষ্য করেছেন যখন আমার ছেলে মাত্র একদিন কাউকে প্রতিহত করবার  জন্য থাপ্পড় মেরেছে। আপনিও ভেদাভেদ করছেন। কেন?  মুসলমান হওয়া কি অপরাধ? তাদের কি লেখাপড়া করার অধিকার নেই? এটা কি একটা অন্যায় ? আমরা কি কোম্পানীর (East India Company) খাজনা দিই না? সেরে উঠুক, তাকে মাদ্রাসাতে ভর্তি করে দিয়ে আসবো। আপনাদের মতো এত বড় লেখাপড়ার দরকার নেই।

মাস্টার বাবু  সেদিনকার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন। বললেন, ওকে পাঠশালায় পাঠিয়ে দেবেন, আমি দৃষ্টি রাখবো। বার্ষিক পরীক্ষার মাত্র একমাস বাকী, দেখি সে কেমন করে। সে লেখাপড়ায় মনোযোগী।  তার দুই দিন পর আমার দাদী তার পুত্রকে পাঠশালায় রেখে এলেন। আমার বাবা ছিলেন তুখোড় ছাত্র। লেখাপড়ায় মন দিলেন। বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে দ্বিতীয় শ্রেনীতে উত্তীর্ণ হলেন। ছেলেরা চমকে  উঠলো। তারপর থেকে সতীর্থরা তাকে সমীহ করতো। 

ব্রিটিশ আমলে চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষা হাইস্কুলে গিয়ে দিতে হতো। অনেকটা বোর্ডের পরীক্ষার মতো এবং সেটার একটা বিশেষ কদর ছিল। আমার বাবা ভাল রেজাল্ট করে প্রাইমারি অতিক্রম করে এলেন। গিরিশ বাবু নিজে বাড়িতে এসে বললেন, বিবি, আপনার ছেলে উচ্চশিক্ষার উপযুক্ত।  তাকে হাইস্কুলে পাঠাবার ব্যবস্থা করেন।

দাদীর মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়লো। তিনি তার ছেলেদেরকে ডাকলেন। সব শুনে তারা বললেন, আমাদের পিতা নেই। কেবল জমিজমা থাকলেই হবে না। তার থেকে ফসল ঘরে তোলা চারটি খানি কথা নয়। বর্গা দেওয়া সব জমি। অর্ধেক ফসল ঘরে আসে। সংসারে মুখ বেড়েছে। সুতরাং আমরা এসবের মধ্যে নেই। পুস্তক কেনার জন্য কাঁচা টাকা বের করা সম্ভব নয়। আপনি আমাদেরকে জুদা করে দেন। যার যার সংসার সে নিজে দেখেশুনে রাখুক। দাদী বিষন্ন হলেন। পরবর্তীতে শুনেছি, তিনি বলতেন, দু’পয়সার পুস্তকের জন্য আমার পুত্রেরা পৃথক হাড়ি চড়ালো। কনিষ্ঠ পুত্রের দৃঢ় ইচ্ছার ফলে আমার দাদীর পরিবার খন্ড খন্ড হয়ে গেল। আমার পিতা এক ঐশ্বরিক শক্তির বলে এগিয়ে চললেন। 

আমার পিতা গফরগাঁও হাইস্কুলে ভর্তি হলেন। বিদ্যালয়ের দূরত্ব বাড়ি থেকে ছয় মাইল। প্রতিদিন পায়ে হেঁটে স্কুলে যেতে হতো। আজকের দিনে যা কল্পনা করে দুরূহ। যেতে আসতে সব সময় ব্যয় হয়ে যেত। সেজন্য আমার বাবা জায়গীর থাকার ব্যাবস্থা করলেন। তখনকার দিনে এটি একটি প্রচলিত প্রথা ছিল। এক সম্ভ্রান্ত পরিবারে তিনি লজিং থাকলেন। মেধাবী ছাত্র আদর্শ ছাত্র যাকে বলে তিনি ছিলেন তাই। সেই বাড়ীতে থেকে তিনি তাদের ছোট ছেলেদের পড়াতেন। তার পরিবর্তে  তাদের স্নেহ মমতাও পেয়েছেন খুব। তারা তাকে বাড়ির ছেলের মতোই গণ্য করতেন। 

যথাসময়ে আমার বাবা এন্ট্রান্স (Entrance) পরীক্ষায় ভাল ভাবে উত্তীর্ণ হন। সেটা ছিল ইংরেজী ১৯১৯ সাল। তিনি বলতেন সেই সময় প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। 

এখানে আমার পরম শ্রদ্ধেয় পিতার চরিত্রের একটি উল্লেখযোগ্য দিক বর্ণনা করতে হয়। স্কুলের নিয়ম কানুন তিনি মেনে চলতেন। শিষ্টাচার বজায় রাখতেন। ভাল ছাত্র এবং আদর্শ ছেলে হিসাবে তিনি সকলের কাছে পরিচিত ছিলেন। সেজন্য স্কুল কর্তৃপক্ষ তাকে অনুষ্ঠান করে ‘বিশ্বাস’ উপাধিতে ভূষিত করেন। এটি একটি অসাধারণ পুরস্কার। এরপর থকে তিনি আবদুস সোবাহান বিশ্বাস নামে পরিচিতি লাভ করেন। 

তিনি বাড়িতে ফিরে এলেন। গ্রামের লোকেরা খুব খুশী হলো। একজন শিক্ষিত লোকের স্বভাব চরিত্র আচার আচরণ কেমন হয় তা দেখবার সুযোগ পেল।  তারপর শুরু হলো তার প্রকৃত জীবন সংগ্রাম। কলেজে ভর্তি হতে চাইলেন। টাকার প্রয়োজন। বইখাতা, বেতন, শহরে থাকার অন্যান্য খরচ জোগাড় করা এক অসম্ভব ব্যাপার । গ্রামের জমিজমা থাকলেও হাতে টাকা থাকে না। কারণ ধান বিক্রির টাকা দিয়ে সংসারের যাবতীয় খরচ চালাতে হয়। আমার বাবা ‘দুর্গম গিরি কান্তার মরু’ পাড়ি দেবার জন্য দুর্দমণীয় সাহস নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে চললেন।  

আমার দাদী, ছোট ফুফু, আমার বাবা – এই  তিনজনের সংসার। হাতে টাকা নেই। আমার বাবা তাদের পরগণার জমিদারের সাক্ষাৎকার প্রার্থনা করে দরখাস্ত করেন। তখন তাদের জমিদার ছিলেন রাজা জগৎকিশোর। ময়মনসিংহের মুক্তাগাছায় ছিল তাদের বিরাট প্রাসাদ। ময়মনসিংহের টিচার্স ট্রেনিং কলেজ, মহিলা টিচার্স ট্রেনিং কলেজ (শশী লজ) – এসব স্থাপনা তদেরই কীর্তি। যথাসময়ে সাক্ষাৎকারের জন্য জমিদার বাড়িতে গেলেন আমার পিতা। সাদা ধুতি, সাদা শার্ট, কালো জুতা পরিধান করে হাজির হলেন জমিদার বাড়িতে। দর্শনও মিললো তার। আমার পিতা তার বক্তব্য পেশ করলেনঃ তিনি পিতৃহীন, লেখাপড়ায় খুব আগ্রহ, রেজাল্ট ভাল কিন্তু আর্থিক আনুকুল্য নেই। সেজন্য কলেজে ভর্তি হতে পারছেন না। একটা বৃত্তির ব্যবস্থা হলে তিনি উচ্চশিক্ষা গ্রহন করতে পারতেন। বিবরণ শুনে জমিদার বাবু বললেন, ‘Listen, higher education is not for the poor. গ্রামে যে জমিজমা আছে তাই দেখাশুনা কর। চলে যাবে।’

জমিদার বাবুর সঙ্গে আর কথা বলার উপায় নেই। ভগ্ন মনোরথে ফিরে এলেন বাড়িতে। শুনে দাদী আঁচল দিয়ে নিজের চোখ মুছলেন। ছেলের মুখের ঘাম মুছে দিলেন। 

আমার বাবা খুব সাহসী ছিলেন। ঐটুকু বয়সেই কারো পরামর্শ ছাড়াই নিজে সাহস করে প্রচন্ড প্রতাপশালী জমিদারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এটা কম কথা নয়। মিশন ব্যর্থ হলেও তার সাহসের তারিফ করতে হয়। পরে তিনি মুক্তারী পড়েছিলেন। কিন্তু সে পেশা জীবনে গ্রহন করেননি।

তারপর শুরু চাকুরীর অনুসন্ধান। দারোগার চাকুরী পাওয়া গেল। ভাবনায় পড়ে গেলেন। মনস্থির করলেন পুলিশের চাকরী করবেন না। পরে পেলেন সাব রেজিস্ট্রারের চাকরী। এটাও মনপুতঃ হলো না। এখানেও সততা বজায় রাখা কঠিন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন শিক্ষকতাই সর্বোত্তম পেশা। সৎ ও সুন্দর জীবন যাপন শিক্ষকতাতেই সম্ভব। হয়তো আর্থিক অনটন থাকবে। তিনি জামালপুর এলাকায় সিংজানী স্কুলে প্রথম শিক্ষকের চাকুরী গ্রহন করেন। একবছর চাকুরী করার পর তিনি নলিনী মোহন দাস (মাখন দাস), মৌলবী জয়েন উদ্দিন, রিয়াজ মাস্টার, এস কে বসু এবং আরো অনেক উচ্চ শিক্ষিত জ্ঞানী ও গুনী ব্যাক্তিদের প্রচেষ্টায় নান্দিনা মহারাণী হেমন্তকুমারী উচ্চ ইংরেজী বিদ্যালয় স্থাপনে উদ্যোগী হন। স্কুল প্রতিষ্ঠিত হয়।  শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে এটি একটি অনন্য সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের স্থান অধিকার করে। শিক্ষকরা ছিলেন নিবেদিত প্রাণ ও বিদ্যোৎসাহী। ছাত্ররাও তেমনি ছিলেন তুখোড় ও শৃংখলাবদ্ধ।

শ্রী শৈলেন্দ্রনাথ চৌধুরী, বঙ্কিম রাও, সুরেন্দ্রনাথ রক্ষিত, বিধুবাবু এবং অনেকের অক্লান্ত পরিশ্রমের ফলে এই স্কুলের ছাত্ররা দেশের সেরা মানুষ হিসাবে বেরিয়ে আসে। এটি আদর্শ বিদ্যাপীঠ হিসাবে দেশে সুনাম অর্জন করে। শিক্ষকের সততাই ছাত্রের পথপ্রদর্শক। আমার জ্যেষ্ঠ ভ্রাতা নাজির আহমেদ নান্দিনা স্কুলের ছাত্র ছিলেন। তিনি ভারত বিভাগের পূর্বে Undivided Bengal –এ ক্যালকাটা শিক্ষাবোর্ডের এন্ট্রান্স (SSC) পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করে বিশেষ কৃতিত্বের অধিকারী হয়েছিলেন। তিনি পাঁচ বিষয়ে লেটার মার্কস অর্জন করেছিলেন। বৃত্তি পেয়েছিলেন। উল্লেখ্য তখনকার দিনে সেই ১৯৪৩ সালে লেটার মার্কস লাভ করা খুব দুরূহ ব্যাপার ছিল। লেখাপড়ার মাধ্যম ছিল সেই ব্রিটিশ আমলে ইংরেজী। স্কুল প্রতিষ্ঠার শুরুর দিকে প্রতিষ্ঠাতা সদস্যদের অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে। কঠোর পরিশ্রমের দ্বারা  তারা এই স্কুলকে এতো উন্নত করতে সক্ষম হয়েছিলেন। 
সেই সময়ে আজকের দিনের মতো এতো হস্টেল ছিল না। আমার বাবা আবদুস সোবাহান বিশ্বাস, রিয়াজ উদ্দিন মাস্টার সাহেবের বাড়িতে জায়গীর থাকতেন। আমার বড় ভাই নাজির আহমেদ, খলিলুর রহমান (পরবর্তীতে মেজর জেনারেল) সাহেবের পিতা জয়েন উদ্দিন মৌলবী সাহেবের বাড়িতে জায়গীর থাকতেন। পরে আমার পিতা একখন্ড জমি ক্রয় করে সেখানে একটি বাড়ি নির্মাণ করেন। তখন তিনি আমার ছোট ভাই আজিজ আহমেদকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। 
আমার ভাইয়েরা নান্দিনা স্কুলের ছাত্র। বড় ভাই নাজির আহমেদ ক্যালকাটা প্রেসিডেন্সি কলেজ থেকে কৃতিত্বে সঙ্গে আই. এস. সি. পাশ করেন। সব বিষয়ে তার সমান দক্ষতা।  শেষ পর্যন্ত মেডিক্যাল লাইনে বিদ্যাঅর্জন করবার সিদ্ধান্ত গ্রহন করেন। ভর্তি হন কলকাতা মেডিক্যাল কলেজে। সেখানে তিনি তুখোড় এবং ভাল ছাত্র হিসাবে পড়াশুনা করছিলেন। ছাত্র রাজনীতিতেও ছিলেন অগ্রগামী। এই সময়ে ব্রিটিশ ইন্ডিয়া  নানান ঘাত প্রতিঘাত, যুদ্ধ বিগ্রহ, সিপাহী বিদ্রোহ, ভারতের স্বাধীনতা সংগ্রামে তুংগে অবস্থান করছিল। ‘বন্দে  মাহতরম’ শ্লোগানে প্রকম্পিত ভারত। শেষ পর্যন্ত বড়বড় নেত্রীবৃন্দ ব্রিটিশ শাসকদেরকে ভারত ত্যাগ করতে বাধ্য করলো। ব্রিটিশের ভারত ত্যাগ এবং ভারত বিভাজন পৃথিবীর ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। ভারত বিভক্তির ফলে পাকিস্তান ও হিন্দুস্থানের জন্ম হয়। পাকিস্তান পায় দুটি ভূখন্ড - একটি ভারতের পশ্চিম অংশে পশ্চিম পাকিস্তান, অন্যটি পূর্ব বংগ  অর্থাৎ পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানই আমাদের প্রিয় বাংলাদেশ। ব্রিটিশগণ ভারত ছাড়ার সময়ে হিন্দু মুসলিম দাংগা লাগিয়ে দিয়ে যায়। ফলে বহু মানুষ নিহত হচ্ছিল। তখন আমার ভাই নাজির আহমেদ অনন্যোপায় হয়ে অতি কষ্টে নিজের মুসলমান পরিচয় গোপন রেখে এক কাপড়ে শিয়ালদহ স্টেশনে রওনা হন। ট্রেনের বাইরে ও ভিতরে বাঙ্গালী মুসলমান বোঝাই। তিল ধারণের ঠাঁই নাই। দুই জন কুলিকে চার আনা, চারা আনা করে পয়সা দিয়ে ট্রেনের কামরার জানালা দিয়ে তাকে ঢুকিয়ে দেবার ব্যবস্থা করেন। অনেক কষ্টে তারা তাকে ঠেলে ঠুলে ভিতরে ঢুকিয়ে দিল। গাদাগাদি অবস্থায় তিনি ময়মনসিংহ রেল স্টেশনে অবতরণ করেন। তারপর অন্য ট্রেন ধরে ধলা স্টেশনে পৌঁছেন। সেখান থেকে পায়ে হেঁটে বাড়ি পৌঁছান। 
কয়েকদিন বিশ্রাম নেবার পর পিতার আদেশে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এবং ঢাকা মেডিক্যাল কলেজে ছাত্র হিসাবে যোগদান করেন। এখানেও তার খ্যাতি ও কৃতিত্ব প্রকাশ পায়। তিনি কলেজ ছাত্র ইউনিয়নে ভিপি নির্বাচিত হন। তার  ব্যক্তিত্ব বিদ্যা এবং জ্ঞানের জন্য তিনি সকলের প্রিয়ভাজন হন। পরবর্তীতে ঢাকা মেডিক্যালে কলেজের ছাত্র হিসাবে বিশেষ ভাল রেজাল্ট করে এম. বি. বি. এস. পাশ করেন। 
পরবর্তীতে পাকিস্তান আর্মির মেডিক্যাল কোরের অফিসার হিসাবে বিলেতে পড়তে যান। সেখানে দুই বছরের কোর্স দেড় বছরে সম্পন্ন শেষে এফ. এফ. এ. আর. সি. এস. ডিগ্রী অর্জন করেন। আমার পরের ভাই ডাক্তার হাফিজ আহমেদ আর্মি মেডিক্যাল কোরের অফিসার  হিসাবে আজাদ কাশ্মীরে চাকুরী গ্রহন করেন। আমার ছোট ভাই আজিজ আহমেদ ব্যাংকার হিসাবে উচ্চপদে আসীন হয়ে বর্তমানে অবসর গ্রহন করেছেন। এদিকে আমাদের হরিরামপুরের গ্রামের বাড়িতে আমার পিতার সংসার। তার মাতা তখন জীবিত ছিলেন। তিনি মাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। ঘোরতর অন্ধকার গ্রাম্য জীবনে এই মা –ই  তাকে আলোর মশাল হাতে, বৈরী পরিবেশের সঙ্গে লড়াই করে তার কনিষ্ঠ পুত্রের পথ চলার সঙ্গী ছিলেন। 
আমার মা আরবী, উর্দু এবং বাঙ্লা অক্ষর জ্ঞান সম্পন্ন মহিলা ছিলেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি একজন স্বশিক্ষিত এবং সুশিক্ষিত মানুষ ছিলেন। পুত্র কন্যাদের শিক্ষা দীক্ষায় তাঁর অবদান কোন অংশে কম ছিল না। ছোটবেলায় আমাদের লেখাপড়ার হাতে খড়ি তাঁর হাতেই। ছড়া, কবিতা, রূপকথার হাজার গল্প বলতেন। তাঁর ছোটবেলা কেটেছিল হিন্দুস্থানের লখনৌতে। তিনি তার বড়ভাইয়ে সঙ্গে লখনৌতে থাকতেন। উর্দুতে তিনি ছিলেন পারদর্শী। আমাদের আরবী পড়াও তাঁর কাছেই শুরু।           
আর্থিক অনটনের পাহাড় অতিক্রম করার সংগ্রামে আমার বাবার সঙ্গে মায়েরও ত্যাগ ছিল। তা সত্ত্বেও তিনি অসংখ্য গ্রন্থ পাঠ করেছেন। অবসর সময়ে বসতেন মানচিত্র নিয়ে। সারা বিশ্বের ভৌগলিক অবস্থান, মহাদেশ, মহাসাগর, রেলপথ, নদীপথ, আকাশপথ –সব ছিল তার নখদর্পণে। রাশিয়ার বলশেভিক রেভোলিউশান, মহাযুদ্ধ সমূহ, অ্যাটমিক বোমা বিস্ফোরণ, হিরোশিমা নাগাসাকি –এসব  গল্প তার কাছ থেকে শুনে শুনে শেখা। 
সেই ঘোরতর দুর্দিনে যখন আমাদের এলাকায় নারীশিক্ষার প্রচলন ছিল না, আমার বাবা আমাকে ময়মনসিংহের বিদ্যাময়ী স্কুলে ভর্তি করে দিলেন। ১৯৫৩ সাল। সেই সময়ে যোগাযোগ ব্যবস্থা ছিল খুব অনুন্নত। বাড়ি হতে পাঁচ মাইল দূরে ধলা স্টেশনে রেলে চড়ে ময়মনসিংহ শহরে যেতে হতো।  ছোট ছিলাম। দীর্ঘ পথ। হাঁটতে অসমর্থ। আমার পিতা ধৈর্য্য সহকারে উৎসাহ দিয়ে দিয়ে সেই দুর্গম পথ অতিক্রম করাতেন। তিনি ছিলেন রাগী এবং দাপটের মানুষ। কিন্তু ঐ রাস্তায় অত্যন্ত নরম ও স্নেহ পরায়ণ থাকতেন। পথে গাছের ছায়ায় বিশ্রাম নিতেন, পানি খাওয়ার ব্যবস্থা করতেন। এভাবে শীত, গ্রীষ্ম,বর্ষায়, ঝড় বাদল মাথায় করে বছরের পর বছর তিনি আমাদেরকে মানুষ করবার কাজে ব্রতী ছিলেন। তার যে কত ক্লেশ, কত কষ্ট হয়েছে, আমরা হয়তো তার পুরোপুরি খোঁজ রাখিনি। বড় হয়ে বুঝেছি তিনি কি কঠোর পরিশ্রম করে আমাদেরকে কোথায় কিভাবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ছিলেন বিরাট বটবৃক্ষের মতো। বজ্রপাত হলেও তিনি আমাদেরকে রক্ষা করে ছায়া দিয়ে গেছেন। 
তৎকালীন বিদ্যাময়ী স্কুল ছিল দেশের সেরা স্কুল। আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু হয় এইস্কুলে। ষষ্ঠ শ্রেণী থেকে যাত্রারম্ভ। বাড়ির বাইরে এই প্রথম। মন খুব খারাপ থাকতো গ্রামের জন্য। প্রতিদিন রাতে ও সকালে ভীষণ কান্না আসতো। সেজন্য বাবার চিঠির অপেক্ষায় থাকতাম প্রতি সপ্তাহে। আমার বাবার চিঠি লেখার ধরণ ছিল এই রকম –

My dear Firoza
দোয়া বহুত বহুত পর সমাচার এই যে, অদ্য তোমার একখানা পত্র পাইয়া সম্যক বিবরণ অবগত হইয়া অত্যন্ত সুখী হইলাম। ... মনোযোগ দিয়া লেখাপড়া করিও। বাড়ির জন্য চিন্তা করিও না। বাটিস্থ আমরা সকলে খোদার ফজলে ভাল আছি। তোমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
ইতি –
তোমার আশীর্বাদক পিতা,
আব্দুস সোবাহান বিশ্বাস        
বাবার পত্র শান্তির বারি বহন করে আনতো। পরের বছর যখন ক্লাস সেভেনে উত্তীর্ণ হলাম, তখন থেকে English  এ চিঠি লিখতেন। এবং আমাকেও English -এ চিঠি লিখতে বাধ্য করতেন। 
সেসময়ে তিনি চিঠির শুরুতে লিখতেন, 
Glad to receive your letter dated 4.4.54. Happy to know that you are going on well with your studies regularly. Try to write correct sentences and consult dictionary for the spelling of the words. 
তারপর চিঠি লেখা শেষ করতেন। আমার চিঠিতে যদি কোন বানান ভুল থাকতো তবে তা উল্লেখ করে শুদ্ধ বানানটি লিখে পাঠাতেন। ছুটিতে বাড়ি আসার পর পরীক্ষায় কোন প্রশ্নের উত্তর কিভাবে লিখেছি সব জিজ্ঞেস করতেন এবং কিভাবে উত্তরটি আরম্ভ করা উচিৎ ছিল তাও বলে দিতেন।।   

আমার পরম প্রিয় পিতা নিজে বুদ্ধিমান ছিলেন। বুদ্ধিদীপ্ত  ছেলেমেয়ে খুব পছন্দ করতেন। ছেলেদেরকে বিশেষ করে যারা ছাত্র, তাদেরকে মানুষ তৈরী করবার তার ছিল আপ্রাণ প্রয়াস। তার আশেপাশে থাকলে বোকা থাকবার কোন উপায় ছিলনা। বুদ্ধিকে কিভাবে জাগ্রত করতে হয়, এ কৌশল তিনি জানতেন।
তিনি প্রতি সপ্তাহে বাড়ি আসতেন। গ্রামের জমিজমা, সংসার, ছেলেমেয়েদের লেখাপড়া সব ঠিকমতো চলছে কিনা দেখতেন। আবার নান্দিনায় তার স্কুলের দায়িত্বও তিনি সততা ও কঠোর শৃঙ্খলার সঙ্গে পালন করতেন। একটি ছাত্রের সর্বাংগীন উন্নতি সাধন করাই যেন ছিল তার ধ্যান জ্ঞান। এভাবেই তিনি নিজের ছেলেমেয়েদেরকে আদর্শ ছেলেমেয়ে হিসেবে গড়ে তোলেন। আমরা আজও তার আদর্শের অনুসারী। কোন অন্যায় অনৈতিক কাজ কোনদিন করতে পারিনি। তিনি যেন আমাদের সামনে দাঁড়িয়ে আছেন তার আদর্শের ছড়িখানি হাতে নিয়ে।                             
 নান্দিনা স্কুলের ছাত্ররা দেশের বড় বড় পদে অধিষ্ঠিত হয়েছেন। বিদেশে নানাকাজে নিয়োজিত থেকেছেন। আজও অনেকেই সেই পুরানো দিনের ঐতিহ্যের স্বাক্ষর রেখে চলেছেন। এ সব কিছুই সেই সময়কার নিবেদিত প্রাণ শিক্ষকদের অবদান। তারা নিজের স্বার্থ দেখেননি। দেখেছিলেন ছাত্রদের স্বার্থ, স্কুলের উন্নতি, দেশের অগ্রগতি। 
আমার বাবা আমাদের গ্রামে, বাড়ির পাশে একটি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এই স্কুল থেকেই আমরা এবং আমাদের গ্রামের ছেলেমেয়েরা শিক্ষা লাভ করতে শুরু করে। তিনি নিজের বাড়িতে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন। সেটি ছিল ১৩৩৯ সাল। নামকরণ করেছিলেন তার জ্যেষ্ঠ কন্যার নামে – আমিনা লাইব্রেরী। গ্রন্থাগারটি আকারে ছোট হলেও প্রচুর দুর্লভ গ্রন্থে পূর্ণ ছিল। আমার অক্ষর জ্ঞান লাভ করার পরই তাঁর হাতে যে বইটি দেখেছি সেটির নাম ছিল ‘প্রতিভা।’


আরেকটি বইয়ের ভেতর একটি মানুষের ছবি দেখেছিলাম। ছবিটি যথেষ্ট লম্বা। পা দু’খানি টানটান, হাতও তাই। মাথাটিও ঠিক জায়গায় গোলাকার। পরবর্তীতে একদিন আমার ভাইয়ের নিকট থেকে জানতে পারলাম এটি মানুষের ‘ফসিল।’ দীর্ঘকাল মাটি চাপা পড়ে থাকলে যা পাথরে পরিণত হয় তাকেই জীবাশ্ম বা ফসিল বলে। তখন আমি মলাটের ওপর বইটির নাম দেখলাম। বইটির নাম The Last Days of Pompeii - ইটালীতে ভিসুভিয়াস আগ্নেয়গিরির সেই ভয়াবহ উত্তপ্ত লাভা উদগীরণের কাহিনী। ছোট আকারে পাঠ করেছিলাম যখন ছোট ছিলাম। ৭৯ খ্রীস্টাব্দে ছাই ভস্ম লাভা মাথায় নিয়ে এই পম্পেই নগরী তার আশ পাশের নগর সহ মৃত্তিকার গভীর অভ্যন্তরে অগ্নি সমাধিতে হারিয়ে যায়। পুনরায় ১৬৫০ সালের দিকে মানুষ তার সন্ধান পায়। এই ঘটনার উপর লিখিত গ্রন্থটিই The Last Days of Pompeii, দীর্ঘকাল মানুষের চৈতন্যে দারুণ ভাবে আলোড়ন সৃষ্টি করে। সেই বিখ্যাত পুস্তকটি আমার বাবার টেবিলে দেখেছিলাম কয়েকবার। 
তিনি খুব পড়ুয়া ছিলেন এবং আমাদেরকে ভাল ভাল বই পড়ার জন্য উৎসাহ দিতেন। মাঝে মাঝে প্রশ্ন করতেন গল্পের সারমর্ম কি। মাসিক মোহাম্মদী, সওগাত ইত্যাদি ম্যাগাজিন বাড়িতে রাখতেন। মাঝে মাঝে নান্দিনা স্কুলের বার্ষিক ম্যাগাজিনও দেখেছি। তার নাম ছিল The Cosmopolitan. তখনকার দিনের তুখোড় শিক্ষকদের মূল্যবান লেখা এবং মেধাবী ছাত্রদের ভাল ভাল গল্প, প্রবন্ধ ও কবিতা ছাপা হতো সেই বার্ষিকীতে। আমি যখন উচ্চ শিক্ষায় ব্রতী তখন নান্দিনা স্কুলের ছাত্রদের ইংরেজী লেখার স্টাইল এবং স্ট্যান্ডার্ড দেখে স্তম্ভিত হয়ে গিয়েছি।
লেখা এবং পড়ার অভ্যাস আমাদের বাড়িতেই গড়ে উঠে। আমার মাতাও সময় পেলেই সেসব বইপত্র পড়তেন এবং তিনি একজন বিদূষী মহিলায় পরিণত হন।   
আমার পিতা একজন দূরদর্শী এবং কর্মঠ ব্যক্তি ছিলেন। তখনকার দিনে আমাদের পোস্ট অফিস ছিল কাশীগঞ্জে। আমাদের ইউনিয়নের একেবারে শেষ সীমানায় ক্ষীরু নদীর তীরে। সেটি ছিল আমাদের এলাকা থেকে অনেক দূরে, দক্ষিণে। চিঠিপত্র বিলি করা ছিল পিয়নের জন্য এক দুরূহ কাজ ।  সেজন্য আমার পিতা নিজের বৈঠকখানার বারান্দায় একটি পোস্ট অফিস স্থাপন করেন। সেটিকে বলা হতো Donor’s post office. তার নামকরণ করা হলো হরিরামপুর ডাকঘর। সরকারী অনুমোদনের প্রেক্ষিতে সেটি স্থাপিত হয়েছিল। শিক্ষার আলো বিস্তারের জন্য একটি হাইস্কুল স্থাপন করেন নিজ গ্রামে। যেহেতু তিনি ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন সেজন্য বিদ্যালয়টির নাম করেন আমাদের প্রিয় নবীজীর নামে – মোহাম্মদপুর হাইস্কুল, হরিরামপুর। সেই সময়ে ছেলেরাই এই স্কুলে পড়াশুনা করতো। পরবর্তীতে বিদ্যা শিক্ষা প্রসারের ফলে মেয়েরাও এই স্কুলে ভর্তি হতে শুরু করে। আজও এই বিদ্যালয় থেকে ছাত্র ছাত্রীরা এস.এস.সি. পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে। এই হাইস্কুলকে ঘিরে তিনি একটি বাজার প্রতিষ্ঠা করেন। তার নাম নয়া বাজার। এর পূর্বে অত্র এলাকায় কোন হাট বাজার ছিল না।
স্কুল কমপ্লেক্সের ভিতরেই গ্রামের উন্নতির জন্য Multi purpose Co–operative Society গঠন করেন। চাষীদের উন্নতির জন্য seed স্টোর (বীজ কেন্দ্র) স্থাপন করেন। নিজের বাড়ি হতে সেই পোস্ট অফিসটিও এই কমপ্লেক্সে স্থানান্তর করেন। তার সরকারী নাম হরিরামপুর পোস্ট অফিস –কভায়া  ত্রিশাল। এটি আবার পাকা ঘর পায় এবং পায় উপযুক্ত স্থান -সকলের  সুবিধামতো জায়গায়। 
আমার পিতার আরেকটি উল্লেখযোগ্য কীর্তি হচ্ছে ইউনিয়ন বোর্ড স্থাপন। এ কাজটি স্থাপন করতে গিয়ে তাকে বাধার সম্মুখীন হতে হয়েছে। কারণ ইউনিয়ন বোর্ডের নাম ছিল ৭নং সাখুয়া ইউনিয়ন বোর্ড। এটিও অত্র এলাকার একেবারে উত্তর সীমানায় অবস্থিত। এই ইউনিয়ন বোর্ডে যাতায়াত করা বহুলোকের জন্য কষ্টকর ও দীর্ঘ সময়ের ব্যাপার ছিল। রাস্তাঘাট মোটেই ভাল ছিল না। বিদ্যুতের তো প্রশ্নই নেই। সাখুয়া ইউনিয়ন দ্বিধাবিভক্ত করে বর্তমান ৭ নং হরিরামপুর ইউনিয়ন বোর্ড প্রতিষ্ঠা করেন।  তিনি দীর্ঘকাল বারবার এই ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়ে এলাকার প্রভুত উন্নতি সাধন করেছিলেন। 
ঐ এলাকায় সেই ব্রিটিশ আমলেই রাস্তাঘাট নির্মাণ করিয়েছিলেন। আইন অনুসারে রাস্তার পাশে বৃক্ষ রোপন করে সীমানা নির্ধারণ এবং শ্রীবৃদ্ধি করেছিলেন। মেয়েদের লেখাপড়ার জন্য বাড়ির পাশেই নিজের জমিতে একটি মক্তব প্রতিষ্ঠা করেন। ছোট ছোট ছেলেরাও ঐ মক্তবে পড়তে যেত। এই মক্তবের চেয়ার–টেবিল, বেঞ্চ, ব্ল্যাক বোর্ড সবই তিনি নিজের  উপার্জনের পয়সায় নির্মাণ করেছিলেন। বাড়ি  বাড়ি ঘুরে অভিভাবকদের অনেক বুঝিয়ে সুজিয়ে মেয়েদেরকে স্কুলে আসার ব্যবস্থা করেছিলেন। একজন মৌলবী সাহেব আরবী পড়াতেন এবং ধর্ম শিক্ষা দিতেন। তার নাম ছিল মৌলবী মহর আলী। আরেকজন বাংলা মাস্টার সব বিষয়ে পাঠদান করতেন। আমার ভাই বোনদের এবং অন্যান্য কৃতি ছাত্রদের ঐ মক্তবেই হাতে খড়ি। এই মক্তব আজ থেকে প্রায় ৮০ বৎসর পূর্বে স্থাপিত হয়েছিল। সেটা সম্ভবত ১৯৩৩ সাল হবে। ঐ স্কুল এবং তার স্মৃতি আজও ঐ অঞ্চলে একটি আলোকবর্তিকা হয়ে জ্বলছে। স্কুলটি বর্তমানে আমার মায়ের নামে সরকারি করণ করা হয়েছে। স্কুলটির নাম জুবাইদা ফিরোজা সরকারি প্রাইমারি স্কুল - হরিরামপুর, ত্রিশাল। এটি এখন আমাদের বাড়িতে অবস্থিত। সরকারি প্ল্যান অনুযায়ী দুটি পাকা দালানে ক্লাস চলছে। 
আমার পিতা সারাজীবন মানুষের উপকার করে গেছেন। কুসংস্কারাচ্ছন্ন, পশ্চাতপদ মানুষদেরকে আলোকিত পথে আনার কাজে ব্রতী ছিলেন। এলাকার ছেলেমেয়েদের লেখাপড়া, চাকুরী, প্রমোশান, অসুখ – বিসুখে বা যেকোন প্রকার ঘটনায় দুর্ঘটনায় তিনিই তাদের পথ প্রদর্শক ছিলেন। বাধা বিপত্তি যে তাঁর ছিল না তা নয়। ইর্ষাপরায়ণ ব্যক্তিরা তাঁর বিরুদ্ধাচারণ করতো। কিন্তু তিনি ছিলেন নির্ভিক চরিত্রের অধিকারী। তিনি বলতেন, ‘আল্লাহ্‌ ব্যাতীত আর কোন শক্তির নিকট আমি মাথানত করিনা।’
তিনি কখনও অন্যায়ের নিকট মাথানত করেননি। সৎ, কর্মঠ, সাহসী এবং ধর্মপরায়ণ এই ব্যক্তিটি সমাজের কল্যাণে জীবনের শেষ দিনটি পর্যন্ত নিজেকে উৎসর্গ করে গিয়েছেন। তিনি বিশ্বাস করতেন কেবল নিজের মঙ্গল হলেই চলবে না, সকলকে নিয়ে সৎ পথে, শিক্ষার পথে, শান্তি ও সমৃদ্ধির পথে চলতে হবে। 
তিনি যেহেতু শৈশবেই পিতৃহীন ছিলেন, তাঁকে পথ প্রদর্শন করবার মতো কেউ ছিল না। তিনি একাই আলোকিত পথে হাঁটার সিদ্ধান্ত নেন। এলাকায় আজও তিনি একটি প্রদীপ শিখার মতো। একাই সংগ্রাম করে শিক্ষার আলো জ্বালিয়েছেন এবং তা বিতরণ করেছেন। পশ্চাতপদ সমাজে সকল বাধা অতিক্রম করে তিনি মানুষের কল্যাণে দৃপ্ত পদভরে এগিয়ে গিয়েছেন। তাই তাঁর  জনপ্রিয়তাও ছিল অসাধারণ। এই নির্ভিক, সৎ এবং প্রচন্ড দাপটের মানুষটির প্রজ্জ্বলিত বাতিঘরটি আজও মানুষকে পথ দেখাচ্ছে। 
আমরা ভাইবোনেরা এমন একজন মানুষের সন্তান হিসাবে গর্ব বোধ করি। শেষ জীবনে তিনি গ্রামের বাড়িতেই অবস্থান করছিলেন। ১৯৮৫ সালের ২৩শে জুন তিনি ইহলোক ত্যাগ করেন। গ্রামের মসজিদের পাশেই ‘শতাব্দীর অগ্নিপুরুষ অনন্ত শয়ানে’ তাঁর পারিবারিক কবরস্থানে শায়িত আছেন। আমরা তাঁর প্রদর্শিত পথ অনুসরণ করে চলি। মহান সৃষ্টিকর্তার কাছে তাঁর আত্মার শান্তির জন্য প্রতিদিন প্রার্থনা করি। তিনি নেই। কিন্তু তাঁর কীর্তি, স্থাপনা, আদর্শ আজও আলোর শিখার মতো আজকের প্রজন্মকে পথ দেখাচ্ছে।
.........
১১.১১.২০১০              





উৎসর্গ

 আমার পিতাকে যাঁর জীবনের পাথেয় ছিল আপোষহীন নীতি আর শৃঙ্খলা।   আমার মাতাকে ছেলেমেয়েদের মেধা ও মননশীলতায় যিনি ছিলেন নিবেদিত প্রাণ। আমার স্বামী...