আজ ফেব্রুয়ারি মাসের ২ তারিখ। সাল ২০২২, অর্থাৎ দিনটি হলো ২.২.২০২২ তারিখ। আশ্চর্য্য বিন্যাসযুক্ত সংখ্যার সমাহারে তৈরী একটি দিন। মনে পড়ছে জীবনের বহু বছর এভাবে তারিখের সমাহার উপভোগ করেছি বন্ধুদেরকে চিঠি লিখে। প্রথম এই বোধটি আমার ভেতর জাগ্রত করে একটি মেয়ে তার নাম সেলিমা বেগম হেনা, বাড়ি দত্তের বাজার, গফরগাঁও। সেদিনটি ছিল ৬.৬.৬৬ মানে ৬.৬.১৯৬৬; খুব মজা পেয়েছিলাম। তারপর বহুবার এ চিঠি লেখার চর্চা ছিল। কিন্তু ‘মাঝে হলো ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়’, জীবনের শৃঙ্খলে বাঁধা পড়ে গিয়ে আর তেমন লেখা হয়ে ওঠেনি। এবার জীবনের অস্তাচলের পথে এসে বারবার এরকম তৈরী দিনের কথা মনে পড়ে যায়। এখন তারা কে কোথায় কে জানে! আমার কথা তাদের মনে পড়ে কিনা কে জানে? দু’একজনকে মাঝে চিঠি দিয়ে সাড়া পাইনি।
তখন মনে সন্দেহ জাগে– কেমন আছে তারা? সেই শান্ত দুরস্ত মেয়েরা। দাদী নানী হয়ে ঘর পাহাড়া দিচ্ছে নাকি ভবসাগর পাড়ি দিয়েছে কে জানে! আমারও অনেক বয়স। তবুও স্মৃতি অমলিন। ইচ্ছে করে আরেকটিবার কোথাও যদি ওদের সাথে দেখা হতো! সুখের দুখের কথা বলে প্রাণ জুড়াতে পারতাম। এমন সংখ্যার দিন তারিখ জীবনে আর আসবে কিনা জানিনা তবুও এই প্রচন্ড শীতের মাঝে আমার লেখাটি আমার কথা ভবিষ্যতের মানুষের কাছে আমার কথা বলবে। আমি যে তাদের কেউ ছিলাম, সে কথাটি মনে পড়বে।
স্রষ্টার বাগান, এ পৃথিবী। ফুলে, ফলে, খাদ্যে, শস্যে, ধন রত্নে, বৃক্ষ লতায় পূর্ণ করে এই সব কিছু স্রষ্টা সৃষ্টি করেছেন মানবজাতি ও জীবজগতের জন্য। মানুষই হয়তো তা উপভোগ করে সবচাইতে বেশী। মানবজন্ম এক দুর্লভ জন্ম। এই জন্ম সকলের সার্থক হোক। সকলে আনন্দে বিষাদে এ জীবন পথ অতিক্রম করে সম্মুখ পানে এগিয়ে চলুক তার জয়রথ নিয়ে। মাঝে মাঝে এরকম সুন্দর তারিখ নিয়ে শুভদিন আসবে। তারা যেন দিনটিকে আনন্দের দিন হিসাবে উপভোগ করে। সময়ের স্রোতধারা আর ফিরে আসেনা। ‘চির স্থির কবে নীর, হায়রে জীবন নদে?’
আমার প্রিয় সব বন্ধুদেরকে আজকের দিনটিতে শুভেচ্ছা জানাই । যে, যে অবস্থায় আছেন আনন্দে থাকেন, সুখে থাকেন। ভবিষ্যত আমাদের ক্ষণস্থায়ী। অতীতের অর্জিত সুখ শান্তি নিয়ে ভবিষ্যতের পথে অগ্রসর হই। বিদায় বন্ধুরা। সকলে ভাল থেকো, সুস্থ থেকো। আবার যদি কোনদিন দেখা হয়, আনন্দ অশ্রু ফেলে কোলাকুলি করো। ভরসা করে বলো – আবার দেখা হবে, আবার কথা হবে। আবার শুভেচ্ছা জানাই সবাইকে – আজ ২রা ফেব্রুয়ারি, ২০২২ সাল।
বিদায় – বিদায় বন্ধুরা।
০২.০২.২০২২
No comments:
Post a Comment